ইন্ডাস্ট্রিতে ২০ বছর! ট্রেলার লঞ্চে আবেগে ভাসলেন দেব, দিলেন চোখে জল নিয়ে বড় প্রতিশ্রুতি

আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়-এর বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’, যেখানে নামভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা-প্রযোজক দেব। সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ছবির ট্রেলার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে দেবের দীর্ঘ ২০ বছরের অভিনয় জীবনের সাফল্যও উদযাপন করা হয়। তবে এই সাফল্য উদযাপনের মাঝেই দেবকে একটি অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়।

গত কয়েক বছর ধরে কিছু পরিচালক ও প্রযোজকের অভিযোগ, দেব নাকি নিজের রাজনৈতিক ও তারকা প্রভাব খাটিয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং শো-টাইম দখল করেন, যা ইন্ডাস্ট্রিতে ‘মাফিয়া কার্ড’ খেলা হিসেবে পরিচিত। এই প্রশ্নটিই মঞ্চে সরাসরি দেবকে করে বসেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিতের প্রশ্ন ছিল, “তুমি এখন ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড নাকি মাফিয়া কার্ড বেশি ব্যবহার করছ?” এই প্রশ্ন শুনে স্মিত হেসে দেব বলেন, “যার কাছে এত মানুষের ভালোবাসা আছে, এত মানুষের প্রার্থনা আছে, তার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা মাফিয়া কার্ড কোনওটারই প্রয়োজন হয় না।”

আবেগপ্রবণ দেবের চোখে জল, দিলেন বড় প্রতিশ্রুতি
নিজের ছবির ট্রেলার দেখতে টিকিট কেটে হাজির হওয়া অনুরাগীদের দেখে দেব আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। মঞ্চে তাঁর বাবা-মায়ের উপস্থিতি এবং সহকর্মীদের ভালোবাসা তাঁকে আপ্লুত করে তোলে। বলতে বলতে তিনি কয়েক ঢোঁক জল খেয়ে নিজেকে সামলান এবং চোখে জল নিয়ে বলেন, “বাংলা ছবিকে অনেক উপরে নিয়ে যাব ভেবেছিলাম, এবার নিয়ে যাবই। সবাইকে কথা দিলাম।”

দেব আরও বলেন, সিঙ্গল স্ক্রিন থিয়েটারের মালিকরাই টলিউডের আসল সুপারস্টার, কারণ তাঁরা নিজেদের লাভ-লোকসানের কথা না ভেবে এখনও হলগুলোকে বাঁচিয়ে রেখেছেন। তিনি তাঁদের ছাড়া এই সাফল্য পেতেন না।

‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায় এবং ইধিকা পাল-সহ টলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠানে দেবের বক্তব্যে এটিই পরিষ্কার যে, তিনি তাঁর দর্শকদের প্রতি ভালোবাসা এবং বাংলা সিনেমার প্রতি তাঁর দায়বদ্ধতা—কোনো কিছুতেই খামতি রাখতে চান না।