স্ত্রী যদি স্বামীকে তার পরিবারের থেকে দূরে থাকতে চাপ দেন, তাহলে কি বিবাহবিচ্ছেদ হবে? দিল্লি হাইকোর্টের বড় রায়!

দিল্লি হাইকোর্ট সম্প্রতি একটি বিবাহবিচ্ছেদের মামলার রায় দিতে গিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দেন, তাহলে তা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে। এই রায়ের ফলে পারিবারিক সম্পর্ক ও বিবাহবিচ্ছেদের আইনি প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ হয়েছে।
বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও হরিশ বৈদ্যনাথনের বেঞ্চ জানায়, আলাদা থাকার ইচ্ছে কোনো নিষ্ঠুরতা নয়, কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ক্রমাগত চাপ দেওয়া মানসিক নির্যাতনের সমান।
মামলার বিস্তারিত
যে মামলার রায়ে এই নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে পারিবারিক আদালত নিষ্ঠুরতার যুক্তিতে দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়েছিল। স্ত্রী সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন, কিন্তু তার আবেদন খারিজ করে দেওয়া হয়।
হাইকোর্ট রায়ে উল্লেখ করে, ওই স্ত্রী যৌথ পরিবারে থাকতে চান না বলে জোর করে সম্পত্তি ভাগাভাগির দাবি জানান। শুধু তাই নয়, তিনি স্বামীর বিধবা মা এবং বিবাহবিচ্ছিন্না দিদির সঙ্গেও সম্পর্ক না রাখার জন্য চাপ সৃষ্টি করেন। সবচেয়ে ভয়ংকর আচরণ হলো, এই দাবি না মানলে তিনি স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের হুমকিও দেন।
আদালত আরও জানায়, স্বামী তার সাক্ষ্যদানের সময় স্ত্রীর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এমনকি, স্ত্রী তার স্বামী ও তার পরিবারের সদস্যদের নিজেদের সন্তানের কাছে যেতে না দিয়েও নিষ্ঠুরতার প্রমাণ দিয়েছেন। এই ঐতিহাসিক রায়টি সমাজের অনেক প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল এবং বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মানসিক নির্যাতনের গুরুত্বকে তুলে ধরল।