‘গরিবের পুজো হওয়া উচিত!’ রাইজিং ভারতের মঞ্চে শমীক ভট্টাচার্যের কোন মন্তব্যে শোরগোল?

কলকাতায় আয়োজিত তারকাখচিত ‘রাইজিং ভারত সামিট ২০২৬’-এর পূর্বী সংস্করণের মঞ্চ থেকে একাধিক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। শনিবার এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি যেমন পুরনো সরকারের নীতি ও বিরোধিতার রাজনীতির কড়া সমালোচনা করেন, তেমনই সাধারণ মানুষ ও গরিব মানুষের অধিকারের পক্ষে জোরালো সওয়াল করেন।

এদিনের সম্মেলনে শমীক ভট্টাচার্য বলেন, অতীতে পুজো বলতে মূলত বড় বড় নেতাদের তোয়াজ করা বা রাজনৈতিক প্রভাবশালীদের পুজো করা বোঝাত। কিন্তু তাঁর মতে, প্রকৃত অর্থেই পুজো হওয়া উচিত গরিব ও সাধারণ মানুষের। সমাজে প্রান্তিক ও দরিদ্র মানুষ যাতে সঠিক সম্মান ও অধিকার পান, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকার যে নির্দিষ্ট কোনো দলের নয়, বরং সবার—এই বার্তাও স্পষ্ট ভাষায় তুলে ধরেন তিনি।

বর্তমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বলতে গিয়ে শমীক মন্তব্য করেন যে, শাসক দলের প্রতিনিধি হলেই যে অন্ধের মতো অন্য দলের বিরোধিতা করতে হবে, এমন মানসিকতা থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে। তাঁর কথায়, শুধু বিরোধিতাই রাজনীতির একমাত্র লক্ষ্য হতে পারে না।

রাজ্যের শিল্প ও ল্যান্ড পলিসি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের আমলে কোনো স্বচ্ছ ল্যান্ড পলিসি ছিল না। তবে সরকার পরিবর্তনের পর রাজ্যের পরিস্থিতির বদল ঘটেছে এবং বহু নতুন ব্যবসায়ী বা বিনিয়োগকারী বাংলায় আসার জন্য যোগাযোগ করছেন। সরকারের কৃতিত্বের কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানান, সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি তৈরি করে না, সরকার গড়ে তোলে সাধারণ জনতা। বর্তমান সরকারের স্থায়িত্ব নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু পুরনো সরকার বা তৃণমূল কংগ্রেসের আর ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই।