ডিউটিতে যোগ দেওয়ার আগেই শেষ জীবন…! ব্যস্ত সড়কে রক্তাক্ত, লরির চাকায় পিষ্ট মিলকর্মী

শুক্রবার সকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মিলকর্মীর। সকাল ৬টার ডিউটিতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, কিন্তু কর্মস্থলে পৌঁছনোর আগেই প্রাণ হারালেন। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউড়িয়া নর্থ মিল রোডের পঞ্চানন তলা সংলগ্ন স্থানে।

মৃত ব্যক্তির নাম আশুতোষ সাউ, বয়স আনুমানিক ৪০ বছর। তিনি বাউড়িয়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার কিছু পরে তিনি বাইকে করে যাচ্ছিলেন। একটি সিমেন্ট বোঝাই লরিকে ওভারটেক করতে গিয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাইক আরোহী ছিটকে চলন্ত লরির নিচে পড়ে যান এবং লরির চাকায় পিষ্ট হন।

স্থানীয় মানুষ দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। তার শরীরের ওপর দিয়ে লরির চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাতসকালে এমন ভয়াবহ দৃশ্য দেখে এলাকার মানুষ হতবাক হয়ে যান।

খবর পেয়ে বাউড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় থমথমে পরিবেশ এবং শোকের ছায়া নেমে এসেছে।