পুজোর আগে ফের বৃষ্টি? জেনে নিন মহালয়া থেকে আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস

পুজোর আগে মহালয়ার মুখে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন, যা ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহের শুরুর দিকেই তৈরি হতে পারে। এর প্রভাবে শহর থেকে জেলায় বৃষ্টি হতে পারে।
মহালয়ার দিন (রবিবার) রাজ্যের বেশিরভাগ অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে। এই দিনে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে রাজ্যের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
আজ (শুক্রবার): আজ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান—এই সাতটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
আগামীকাল (শনিবার): বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
মহালয়ার দিন (রবিবার): দুপুরের পর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
সোমবার: দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
আজ (শুক্রবার): আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির (হলুদ সতর্কতা) সম্ভাবনা রয়েছে।
শনিবার: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি—এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
রবিবার থেকে মঙ্গলবার: উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কলকাতার আবহাওয়া
আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দু’এক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।