ভুয়ো ডাক্তারের খপ্পরে সর্বস্বান্ত! চিনারপার্কে আস্ত হাসপাতাল খুলে ব্রেন সার্জারি, সাজা শুনে আঁতকে উঠবেন

ভুয়ো চিকিৎসকের জালিয়াতি ও প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এবার কঠোর বার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ। বারাসতের এক বাসিন্দার মৃত্যুর মর্মান্তিক ঘটনাকে উদাহরণ হিসেবে সামনে এনে পুলিশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, যেকোনো বড় চিকিৎসা বা অস্ত্রোপচারের আগে অবশ্যই চিকিৎসকের আসল পরিচয় এবং বৈধ যোগ্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। যোগ্যতার প্রমাণ না দেখে কখনওই চিকিৎসায় বা অস্ত্রোপচারের জন্য অগ্রিম টাকা দেবেন না, তা না হলে বড় বিপদ ডেকে আনতে পারেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে মাথার গুরুতর সমস্যায় আক্রান্ত হয়ে নিখিল চন্দ্র রায় নামে বারাসতের এক বাসিন্দা চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে আরিয়ান হাসপাতালে গিয়েছিলে। পরিবারের অভিযোগ, সেই সময় বজলুর রহমান নিজেকে নামী চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে নিখিলবাবুর অস্ত্রোপচার করার নাম করে দফায় দফায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু অস্ত্রোপচারের নির্দিষ্ট দিন আসার আগেই অসুস্থ নিখিলবাবুর মৃত্যু হয়। এই আকস্মিক মৃত্যুর পরেই পরিবারের সন্দেহ তীব্র হয় এবং তারা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিধাননগর পুলিশ কমিশনারেটের ইকোপ্রপার্ক থানা অভিযুক্ত বজলুর রহমানকে গ্রেফতার করে।
তদন্তে নেমে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দারা যে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেন, তা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। পুলিশ জানতে পারে, ধৃত বজলুর রহমানের ডাক্তারির কোনো বৈধ ডিগ্রি বা শংসাপত্রই ছিল না। সে সম্পূর্ণ ভুয়ো চিকিৎসক সেজে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল এবং চিনারপার্কে একটি আস্ত হাসপাতাল পরিচালনা করত। যেখানে রুটিন চিকিৎসার পাশাপাশি স্পাইন ও ব্রেনের মতো অত্যন্ত জটিল অস্ত্রোপচারও করা হতো। রোগীর মৃত্যুর এই মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি বারাসত আদালত অভিযুক্ত বজলুর রহমানকে দোষী সাব্যস্ত করেছে। আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে।
এই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে জোরদার প্রচার শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ডাক্তার দেখানোর আগে বা বড় কোনো অপারেশনের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর এবং ডিগ্রি যাচাই করুন। অসাধু চক্রের খপ্পরে পড়ে যাতে আর কোনো নিরীহ প্রাণ ঝরে না যায়, তার জন্য সর্বসাধারণকে আরও বেশি সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য পুলিশ।