বিদেশি আক্রমণে মুণ্ডহীন বিষ্ণুমূর্তি? নাকি অসম্পূর্ণ ছিল? রহস্যময় খাজুরাহো মূর্তি নিয়ে তুঙ্গে বিতর্ক

মধ্যপ্রদেশের খাজুরাহোর একটি মন্দিরের মুণ্ডহীন বিষ্ণুমূর্তি নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বিতর্কিত মন্তব্য এবং আবেদনকারীর অভিযোগের ফলে এই মূর্তিটির ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আবেদনকারীর দাবি, মুসলিম আগ্রাসনের সময় মূর্তিটির মাথা ভেঙে দেওয়া হয়েছিল, তাই এটিকে সংস্কার করা হোক। তবে পুরাতত্ত্ববিদ এবং ইতিহাসবিদরা এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মামলাটি খারিজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই আবেদনকারীকে বলেন, “জনপ্রিয়তা পাওয়ার জন্যই মামলাটি করা হয়েছে। আপনি যদি বিষ্ণুভক্ত হন, তবে প্রার্থনা করুন, মূর্তি নিজেই তার ব্যবস্থা করে নেবে!” এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরে তিনি বলেন যে তার মন্তব্য ভুলভাবে প্রচারিত হয়েছে এবং তিনি সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করেন।

যে মন্দিরটিতে এই মুণ্ডহীন মূর্তিটি রয়েছে তার নাম জাভেরি মন্দির। মূর্তিটির হাত, পা এবং অন্যান্য অংশ অবিকৃত থাকলেও কেবল মাথাটি নেই। মূর্তিটি নাগারা স্থাপত্যশৈলীর অন্তর্গত এবং আনুমানিক পঞ্চম শতাব্দীর। এটি বর্তমানে ইউনেস্কোর সংরক্ষিত এলাকা।

এই মূর্তির মাথা না থাকার কারণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে:

বিদেশি আগ্রাসন: একদল ইতিহাসবিদের মতে, ভারতের অন্যান্য মন্দিরের মতো এটিও বিদেশি আগ্রাসনের শিকার হয়েছিল।

অসম্পূর্ণ নির্মাণ: অন্য একটি মত হলো, ভাস্কর হয়তো মূর্তিটি সম্পূর্ণ করেননি। ভোপালের হামিদিয়া আর্টস অ্যান্ড কমার্স কলেজের সহকারী অধ্যাপক শিবম শর্মা বলেন, ভারতে এমন অনেক অসম্পূর্ণ মূর্তি ও মন্দির আছে, যেমন- নেমাওয়ার এবং ভোজেশ্বর মন্দির।

আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ: শর্মা আরও বলেন, যদি মুসলিম আগ্রাসন হতো, তাহলে খাজুরাহোর অন্যান্য মন্দিরও ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু খাজুরাহো তার প্রতিরক্ষার জন্য পরিচিত। চান্দেলা সাম্রাজ্যের শাসকরা শক্তিশালী ছিল। এছাড়াও, পঞ্চদশ শতাব্দীতে সিকান্দর লোধি আক্রমণ করলেও খাজুরাহো ঘন জঙ্গলে লুকিয়ে থাকায় সুরক্ষিত ছিল।

পুরাতত্ত্ব বিশেষজ্ঞ শিবাজিও মনে করেন, বেশিরভাগ মন্দির মুঘলদের আসার আগেই, ত্রয়োদশ থেকে ষষ্ঠদশ শতকের মধ্যে ভাঙা হয়েছে। তবে খাজুরাহোর ক্ষেত্রে একমাত্র জাভেরি মন্দির কেন আক্রান্ত হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।