পুজোর আগেই দারুণ খবর! নতুন GST-তে কী কী সস্তা হচ্ছে, জানালেন নির্মলা সীতারমণ

পুজোর আগে বাংলার মানুষকে বড় উপহার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সম্প্রতি কলকাতায় আয়োজিত ‘নেক্সট জেন জিএসটি’ আলোচনা সভায় তিনি জানান, নতুন প্রজন্মের জিএসটি (GST 2.0) কাঠামোয় করের হার কমানো হয়েছে, যা পুজোর কেনাকাটাকে আরও সহজ করে তুলবে। তিনি বলেন, “নতুন প্রজন্ম উইন্ডো শপিংয়ে বেশি অভ্যস্ত, কিন্তু এবার মন খুলে শপিং করার জন্য জিএসটি-র নতুন হার ধার্য করা হয়েছে।”

বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগার ভাষা ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নির্মলা সীতারমণ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছানুযায়ী দ্রুত নতুন জিএসটি ব্যবস্থা চালু করা হচ্ছে। মহালয়ার পরের দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে।

বাংলার কোন কোন শিল্প লাভবান হবে?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, জিএসটির নতুন হারের ফলে বাংলার একাধিক শিল্প বিশেষভাবে উপকৃত হবে। এর মধ্যে রয়েছে:

শান্তিনিকেতনের কুটির শিল্প

বাঁকুড়ার টেরাকোটা ও মৃৎশিল্প

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ছৌ এবং মাদুর শিল্প

তাঁত শিল্প ও বর্ধমানের শোলার শিল্প

উত্তরবঙ্গের দার্জিলিং চা শিল্প

তিনি উল্লেখ করেন, সমাজের সব স্তরের মানুষ জিএসটি দেন এবং এই পরিবর্তনের ফলে সব শ্রেণীর মানুষই উপকৃত হবেন।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে নতুন করের হার নির্ধারণ করা হয়েছে। আগের চারটি হার (৫%, ১২%, ১৮% এবং ২৮%) বাদ দিয়ে এখন শুধুমাত্র দুটি হার—৫% এবং ১৮% রাখা হয়েছে। তবে তামাক জাতীয় দ্রব্যের ওপর ৪০% কর ধার্য করা হয়েছে। এই পরিবর্তন দেশের অর্থনীতিকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে বলে আশা করা হচ্ছে।