পুজোর আগে আইফোন ১৭ লঞ্চ, ভারতে অ্যাপল স্টোরে হুড়োহুড়ি, হাতাহাতি ও বিশৃঙ্খলা

ভারতের বাজারে অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ লঞ্চ হতেই দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুর অ্যাপল স্টোরগুলোতে ব্যাপক ভিড় জমেছে। তবে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরে শুক্রবার সকালে হুড়োহুড়ি এবং ক্রেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দোকানের বাইরে অপেক্ষারত ক্রেতাদের মধ্যে হঠাৎই ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। লাল জামা পরা এক ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা টেনে ভিড় থেকে বের করে আনেন, যিনি তাদের সঙ্গেও হাতাহাতি করার চেষ্টা করেন। ভিড়ের মধ্যে লাঠি হাতে একজন নিরাপত্তারক্ষীও ছিলেন, কিন্তু একা পরিস্থিতি সামাল দিতে পারেননি।
মুম্বইয়ের মতো দিল্লির সাকেত সিলেক্ট সিটিওয়াক মলের অ্যাপল স্টোরেও একই রকম ভিড় দেখা গেছে। নতুন আইফোন কেনার জন্য শতাধিক ক্রেতা আগের রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। প্রথম ক্রেতা হওয়ার আশায় অনেকে রাতভর অপেক্ষা করেছেন। বেঙ্গালুরুর অ্যাপল স্টোরেও একইরকম ভিড় লক্ষ্য করা গেছে।
VIDEO | iPhone 17 series launch: A scuffle broke out among a few people amid the rush outside the Apple Store at BKC Jio Centre, Mumbai, prompting security personnel to intervene.
Large crowds had gathered as people waited eagerly for the iPhone 17 pre-booking.#iPhone17… pic.twitter.com/cskTiCB7yi
— Press Trust of India (@PTI_News) September 19, 2025
অ্যাপল এবারের ইভেন্টে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং নতুন iPhone Air মডেলগুলো লঞ্চ করেছে। প্রো মডেলগুলোতে অ্যালুমিনিয়াম বডি এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নতুন ‘ফুল-উইথ ক্যামেরা প্লাটো’ ডিজাইনও যুক্ত হয়েছে। বিক্রি বাড়ানোর জন্য অ্যাপল বিশেষ লঞ্চ অফার যেমন ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস এবং ইএমআই প্ল্যান ঘোষণা করেছে।