ভোটার তালিকা সংশোধনে ‘আধার’ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, এবার হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে দেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে এর সঙ্গে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হয়েছে।

সুপ্রিম কোর্টের কড়া বার্তা

সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছে। বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, যদি কমিশনের প্রক্রিয়ায় কোনো অনিয়ম ধরা পড়ে, তাহলে বিহারে সম্পূর্ণ SIR প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। আদালত আরও বলেছে, তাদের এই রায় শুধু বিহারের জন্য নয়, সারা দেশের জন্যই প্রযোজ্য হবে।

আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ভোটার তালিকার বিশেষ সংশোধনে পরিচয় প্রমাণের নথি হিসেবে আধার কার্ডকে গ্রহণ করতেই হবে। যদিও এটি নাগরিকত্বের প্রমাণ নয়। আদালত আরও জানায়, কমিশন জমা দেওয়া আধারের বৈধতা পরীক্ষা করতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজনৈতিক বিতর্ক আরও বেড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র বিরোধিতা করে বলেছেন, “এটা কখনোই সম্ভব নয় যে, শুধুমাত্র বিজেপিকে সন্তুষ্ট করতে ভোটের আগে ২-৩ মাসের মধ্যে SIR করে দেব। এটা সময়সাপেক্ষ বিষয়, যা শেষ করতে কম করে ২-৩ বছর লাগে।”

অন্যদিকে, সূত্রের খবর, রাজ্য সরকার নির্বাচন কমিশনকে জানিয়েছে যে, আধার কার্ডের পাশাপাশি রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা উচিত।

নির্বাচন কমিশন, কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে তৈরি হওয়া এই টানাপোড়েন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। একদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশনা, অন্যদিকে রাজ্যের আপত্তি—সব মিলিয়ে SIR নিয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।