চাকরি হারানোর ধাক্কা, মানসিক অবসাদে মৃত্যু শিক্ষকের! কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের চাকরিচ্যুত শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল-এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতি সংক্রান্ত মামলায় চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসার আগের রাতে তিনি অসুস্থ হয়ে মারা যান।

কোলাঘাটের আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সন্তোষ মণ্ডল। ২০১৬ সালের প্যানেলে তার নাম ছিল এবং তার বাড়ি থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে চাকরি করতেন। কিন্তু নিয়োগে দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সংসার চালানোর জন্য টিউশানি শুরু করেন এবং দ্বিতীয়বার পরীক্ষার জন্য দিন-রাত পড়াশোনা করতেন। এই মানসিক চাপের মধ্যেই গত শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের অভিযোগ, চাকরি হারানোর চাপেই তিনি খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছিলেন, যার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ত্রী জানিয়েছেন, “উনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। ঘুমাতেন না, খেতেন না। আমরা অন্যায়ের শিকার হলাম।”

প্রতিবেশী অঙ্কুশ অধিকারী জানান, সন্তোষবাবুর শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই খারাপ ছিল। পেটে ব্যথা এবং বমির কারণে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে হাওড়ার নারায়ণা হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারদের মতে, তার লার্জ ইনটেস্টিন ব্লাস্ট হয়ে গিয়েছিল এবং পেটে অনেক টিউমারও ছিল। চিকিৎসকরা অপারেশনের পরেও তাকে বাঁচাতে পারেননি। প্রতিবেশীর দাবি, চাকরি হারানোর পর খাওয়া-দাওয়া অনিয়মিত হওয়ার কারণেই এই পরিণতি হয়েছে।