শেষ দিনে উপচে পড়া ভিড়, আজই জমা হতে পারে ১ কোটির বেশি ITR ফাইল, তারিখ আর বাড়ছে না!

আজ, সোমবার (১৫ সেপ্টেম্বর), আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার বর্ধিত সময়সীমার শেষ দিন। শেষ মুহূর্তে করদাতাদের মধ্যে চরম হুড়োহুড়ি দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, শুধু আজই প্রায় এক কোটির বেশি রিটার্ন জমা পড়তে পারে। এর ফলে সরকারি পোর্টালে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষের জন্য ৬.২৯ কোটির বেশি রিটার্ন জমা পড়েছে। গত বছরের ধারাবাহিকতা বজায় থাকলে এ বছর মোট রিটার্ন সংখ্যা ৭.৮ কোটিতে পৌঁছতে পারে। গত বছর রিটার্ন দাখিলের সংখ্যায় ৭.৫ শতাংশ বৃদ্ধি এসেছিল। ২০২৩-২৪ করবর্ষে ৬.৭৭ কোটি, ২০২২-২৩-এ ৫.৮২ কোটি এবং ২০২১-২২ সালে ৫.৭৭ কোটি রিটার্ন জমা পড়েছিল। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, করদাতার সংখ্যা প্রতি বছরই বাড়ছে।
এ বছর করদাতাদের ওপর চাপ আরও বেড়েছে, কারণ আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনের সঙ্গে অগ্রিম করের দ্বিতীয় কিস্তি দেওয়ার সময়সীমাও একই দিনে পড়েছে। এতে করদাতা এবং কর-পেশাজীবীরা দ্বিগুণ চাপে পড়েছেন।
তবে কেন্দ্রীয় ট্যাক্স পর্ষদ (CBDT) জানিয়েছে, তাদের পোর্টাল স্থিতিশীল রয়েছে এবং ব্যবহারকারীদের ব্রাউজারজনিত সমস্যাই প্রধানত ভোগান্তির কারণ। তারা আরও জানিয়েছে যে, করদাতাদের সুবিধার্থে ফোন কল, লাইভ চ্যাট, ওয়েবেক্স সেশন এবং টুইটার/এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪ ঘণ্টা সহায়তা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে আয়কর বিভাগ রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করেছিল। যদিও সম্প্রতি তারিখ বাড়ানো নিয়ে গুজব উঠলেও আয়কর দফতর তা নাকচ করে দিয়েছে। সূত্র মারফত খবর, এই সময়সীমা আর বাড়ানো হবে না।