ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না পেরে ক্ষুব্ধ শোয়েব আখতার! কেন এমন আচরণ করল টিম ইন্ডিয়া?

এশিয়া কাপে পাকিস্তানকে একতরফাভাবে হারানোর পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি ভারতীয় দলের এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন, “ক্রিকেটকে রাজনীতি বানিও না।”
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচের পর এই ঘটনা ঘটে। ভারত ৭ উইকেটে জয়লাভ করার পর পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে করমর্দনের জন্য অপেক্ষা করলেও ভারতীয় খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শিবম দুবে জয় উদযাপনের পর সোজা ড্রেসিংরুমের দিকে চলে যান। এমনকি, পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা এই বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট-এর কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেছেন।
শোয়েব আখতারের প্রতিক্রিয়া:
একটি সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, “এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। আমি ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়।” তিনি আরও বলেন, “এটা কোনো বড় ব্যাপার নয়। এটা ক্রিকেট খেলা। আরও বড় মনের পরিচয় দাও। লড়াই-ঝগড়া নিজেদের মধ্যেও হয়, কিন্তু সেটা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়।”
পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে যোগ না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, শোয়েব আখতার সেই সিদ্ধান্তের প্রশংসা করেন এবং বলেন, “সে ভালো করেছে, বেশ করেছে।”
উল্লেখ্য, ম্যাচের আগে টসের সময়েও দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের এমন আচরণ ক্রিকেট বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।