সকালে বসকে মেসেজ, ১০ মিনিট পরেই নিথর দেহ! বেঙ্গালুরুর এই ঘটনায় স্তব্ধ সোশ্যাল মিডিয়া

বেঙ্গালুরুতে এক মর্মান্তিক ঘটনায় বেসরকারি সংস্থার এক কর্মীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়েছেন অনেকেই। সকালে পিঠে ব্যথার কথা বলে ছুটি চাওয়ার মাত্র ১০ মিনিট পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার টিম লিডার কে. ভি. আইয়ার, যা দ্রুত ভাইরাল হয়ে উঠেছে।

শনিবার সকালে আইয়ার তার এক্স হ্যান্ডেলে জানান, সকাল ৮:৩৭ মিনিটে তার সহকর্মী শঙ্কর মেসেজ করে জানান যে পিঠে প্রচণ্ড ব্যথার কারণে তিনি অফিসে আসতে পারছেন না এবং তার ছুটি প্রয়োজন। আইয়ার তৎক্ষণাৎ ছুটি মঞ্জুর করেন। কিন্তু কয়েক ঘণ্টা পরেই তিনি জানতে পারেন যে শঙ্করের মৃত্যু হয়েছে। প্রথমে বিশ্বাস করতে না পারলেও, পরে অন্য সহকর্মীর কাছ থেকে খবর নিশ্চিত হয়ে তিনি শঙ্করের বাড়িতে ছুটে যান।

আইয়ার জানান, শঙ্কর শারীরিকভাবে খুবই ফিট ছিলেন এবং ধূমপান বা মদ্যপান করতেন না। তার একটি সন্তানও রয়েছে। আইয়ারের কথায়, “শঙ্কর হৃদরোগে আক্রান্ত হয়। সবচেয়ে অবিশ্বাস্য হলো, সকাল ৮:৩৭ মিনিটে সে আমাকে মেসেজ করে এবং ৮:৪৭ মিনিটে সে হৃদরোগে আক্রান্ত হয়। মাত্র দশ মিনিট আগেও যে সম্পূর্ণ সজাগ ছিল, সে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই ঘটনা আমাকে হতভম্ব করে দিয়েছে।”

এই ঘটনার পর আইয়ার লিখেছেন, “জীবন একেবারেই অনিশ্চিত। তাই চারপাশে যারা আপনাকে ঘিরে রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং আনন্দে বাঁচুন। কারণ পরমুহূর্তেই কী অপেক্ষা করে রয়েছে, কেউ জানে না।” তার এই পোস্টটি হাজার হাজার মানুষকে নাড়িয়ে দিয়েছে, এবং অনেকেই মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।