মালদায় ফের শুটআউট! তৃণমূল নেতা খুনের সাক্ষী থাকায় কর্মীকে গুলি, গ্রেফতারির দাবি পরিবারের

মালদায় ফের এক চাঞ্চল্যকর ঘটনা। এক তৃণমূল নেতা খুনের সাক্ষী থাকার কারণে এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটেছে মালদহের ই-বাজার থানার কানাইপুরে। গুলিবিদ্ধ ওই কর্মীর নাম আতিকুল মোমিন (৩৩)।

ঘটনার সূত্রপাত ১০ জুলাই। ইংরেজবাজারের লক্ষ্মীপুরে জন্মদিনের পার্টিতে ডেকে এনে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে গুলি করে এবং হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে দলেরই আরেক নেতা মাইনুল শেখকে গ্রেপ্তার করা হয়। মাইনুলের ছেলে শাহিদ শেখও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে, এবং সে বর্তমানে পলাতক।

গুলিতে গুরুতর আহত আতিকুল মোমিন অভিযোগ করেছেন, তিনিই আবুল কালাম আজাদ খুনের মূল সাক্ষী ছিলেন। তাঁর সামনেই মাইনুল শেখ খুন করেছিলেন আবুল কালামকে। সেই সাক্ষীকে সরিয়ে দিতেই মাইনুলের ছেলে শাহিদ শেখ ও তার সঙ্গীরা তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে।

জানা গেছে, রবিবার রাতে আতিকুল মোমিন বাড়ি ফেরার পথে মোটরবাইকে করে আসা শাহিদ শেখ ও তার এক সঙ্গী তাকে গুলি করে। গুলি তার পিঠের পাঁজরে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

আহত তৃণমূল কর্মীর স্ত্রী লাকি বিবি বলেছেন, “ও প্রধান সাক্ষী ছিল, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই গুলি করা হয়েছে। মইনুলের ছেলেরাই এই কাজ করেছে। আমি ওদের ফাঁসি চাই। আজ যদি ওর কিছু হয়ে যেত, তাহলে আমার দুটো বাচ্চা ভেসে যেত। এর দায় কে নিত?”

এই ঘটনায় মালদহের রাজনৈতিক মহলে ফের উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।