যমুনায় ডুবে গেলেন ব্যক্তি, খোঁজ নেই শিশুর! তাজমহল পর্যন্ত জল পৌঁছনোর পরই চরম বিপর্যয়

বৃষ্টির কারণে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার পর এবার দিল্লিতে মর্মান্তিক ঘটনা ঘটল। উত্তর দিল্লির ওয়াজিরাবাদ এলাকায় যমুনা নদীতে ডুবে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক ব্যক্তির। একইসঙ্গে নিখোঁজ রয়েছে তার সঙ্গী ৯ বছরের এক শিশু। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় যমুনা নদীতে দুইজন ডুবে যাচ্ছেন বলে পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারীদের তৎপরতায় ৩১ বছর বয়সী হীরা নামের ওই ব্যক্তিকে জল থেকে টেনে তোলা সম্ভব হলেও, তাঁকে বাঁচানো যায়নি। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে তাঁর সঙ্গী ৯ বছর বয়সী আলোক এখনও নিখোঁজ। বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ দল এবং প্রশিক্ষিত ডুবুরিরা নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য রাতভর অভিযান চালাচ্ছে। মৃত ব্যক্তি এবং নিখোঁজ শিশুটি সম্পর্কে পরস্পরের আত্মীয় এবং তাঁরা দিল্লির নাথুপুরার ডিসিএম কলোনির বাসিন্দা।
যমুনার বাড়তি জলস্তর: তাজমহলেও প্রভাব
প্রসঙ্গত, সম্প্রতি অবিরাম বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর জলস্তর ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। দিল্লিতে যমুনার জলস্তর ২০৫.৩৩ মিটার অতিক্রম করে বিপদসীমা পার করেছে। এর ফলে নদীর তীরবর্তী অনেক এলাকায় জল ঢুকে পড়েছে। এমনকি আগ্রায় তাজমহলের প্রাচীর পর্যন্ত নদীর জল পৌঁছে গিয়েছে। স্থানীয় ইতিহাসবিদদের মতে, তাজমহল এমনভাবে নির্মিত যে এর কোনো ক্ষতি হবে না, তবে এই পরিস্থিতি প্রশাসনকে সতর্ক করে তুলেছে।
সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগ্রা জেলা প্রশাসন একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।