অযোগ্যদের বাঁচানোর জন্য পরীক্ষায় বসতে হচ্ছে! SSC নিয়ে বিস্ফোরক মন্তব্য রাসমণি পাত্রের

একসময় এসএসসি দুর্নীতির প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে মাথার চুল মুণ্ডন করে আন্দোলন করেছিলেন কোলাঘাটের বাসিন্দা রাসমণি পাত্র। আজ, শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে গিয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েছেন। তার মতে, বছরের পর বছর আন্দোলনের পর যখন মনে হয়েছিল ন্যায় মিলবে, তখন আবারও পরীক্ষায় বসার নির্দেশ যেন এক নতুন অপমান।
‘এটা অগ্নিপরীক্ষা’
পাঁশকুড়া গার্লস হাইস্কুলে পরীক্ষা দিতে আসার আগে রাসমণি বলেন, “আজ আমাদের অগ্নিপরীক্ষা। নিজের রাজ্যে আজ আমরা লজ্জিত। সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েছিল, ডেডলাইন বেঁধে দিয়েছিল, তবুও আজ আমাদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “এতদিন আমরা রোদ, জল, ঝড় উপেক্ষা করে গান্ধী মূর্তির পাদদেশে বসেছিলাম। এত বছর আমরা বঞ্চিত, এর দায় কে নেবে? রাজ্য সরকারের কুকর্মের ফল আজ আমাদের ভোগ করতে হচ্ছে।”
সরকারের প্রতি প্রশ্ন
রাসমণি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “যদি আমাদের আবার পরীক্ষা দিতে হবে, তাহলে এত লুকোচুরি কেন? বারবার প্রতিশ্রুতি, ডেডলাইন দেওয়ার কী দরকার ছিল? অযোগ্যদের বাঁচানোর জন্য আজ আমাদের এই পরীক্ষায় বসতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না।”
রাসমণির কথায় ফুটে উঠেছে হাজারো চাকরিহারা প্রার্থীর হতাশা এবং ক্ষোভ। দীর্ঘদিন ধরে চলে আসা এই আন্দোলনের পর আবারও পরীক্ষায় বসা তাদের কাছে কেবল একটি পরীক্ষা নয়, বরং একটি ‘অগ্নিপরীক্ষা’, যেখানে তাদের মেধা ও আত্মমর্যাদা উভয়ই প্রশ্নের মুখে।