চিনির বাজারে ভারতের বড় চাল! রফতানির অনুমতি দিতে চলেছে সরকার, দাম কমবে বিশ্বে

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে চলা নতুন ফসল মরশুমে পর্যাপ্তের চেয়ে বেশি চিনি মজুত করবে। এর ফলে সরকার চিনি রফতানির অনুমতি দিতে পারে, যা বিশ্ববাজারে চিনির দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার সরকারের খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব অশ্বিনী শ্রীবাস্তব এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে বলেন, “নতুন মরশুমে চিনি রফতানির সম্ভাবনা রয়েছে।” তবে তিনি রফতানির জন্য কী পরিমাণ চিনি বরাদ্দ করা হবে, তা স্পষ্ট করেননি।
ভারত থেকে চিনি রফতানি শুরু হলে বিশ্বব্যাপী চিনির দামের ওপর চাপ সৃষ্টি হতে পারে। তবে এর ফলে সরকার দেশের মধ্যে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং আখ চাষীদের তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে পারবে।
উল্লেখ্য, এই বছর উৎপাদন কম হওয়া সত্ত্বেও ভারত চলতি বিপণন বছরে (যা সেপ্টেম্বরে শেষ হবে) ১০ লক্ষ মেট্রিক টন চিনি রফতানির অনুমতি দিয়েছিল।