৪ ঘণ্টা ধরে আড্ডা, তারপরই চমকে দেওয়া গোপন কথা ফাঁস করলেন জেমাইমা রডরিগেজ

নিউজিল্যান্ডের এক ক্যাফেতে আড্ডা দিতে গিয়ে কর্মীদের রক্তচক্ষুর মুখে পড়তে হল ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে। দীর্ঘক্ষণ ধরে আড্ডা চলার কারণে শেষ পর্যন্ত তাঁদের জোর করে ক্যাফে থেকে বের করে দেওয়া হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই চমকপ্রদ তথ্য ফাঁস করেছেন ভারতীয় মহিলা দলের অলরাউন্ডার জেমাইমা রডরিগেজ।
জেমাইমা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল যখন তিনি এবং তাঁর সতীর্থ স্মৃতি মন্ধানা নিউজিল্যান্ডে ছিলেন। সেই সময় একই হোটেলে বিরাট-অনুষ্কার সঙ্গে তাঁদের দেখা হয়। এরপর তাঁরা চারজন একসঙ্গে হোটেলের ক্যাফেতে আড্ডা দিতে শুরু করেন। সেই আড্ডার বিষয় ছিল ক্রিকেট এবং আরও অনেক কিছু।
ঠিক কী ঘটেছিল?
জেমাইমার কথায়, ‘আমাদের আড্ডা শুরু হওয়ার পর প্রথম আধ ঘণ্টা শুধু ক্রিকেট নিয়েই কথা হয়েছিল। সেই সময় বিরাট আমাদের বলেছিলেন, তোমাদের দু’জনের মধ্যে মহিলা ক্রিকেটকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। আমি সেটা দেখতে পাচ্ছি। এরপর ক্রিকেটের বাইরে জীবনের অন্য অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। মনে হচ্ছিল অনেক দিন পর পুরনো বন্ধুদের দেখা হয়েছে।’
জেমাইমা আরও জানান, তাঁদের আড্ডা এতটাই জমে উঠেছিল যে চার ঘণ্টার বেশি সময় ধরে কথা চলছিল। আর এই দীর্ঘ আড্ডাতেই বিরক্ত হয়ে পড়েন ক্যাফের কর্মীরা। জেমাইমা বলেন, ‘আমাদের আড্ডা শেষ হওয়ার একমাত্র কারণ ছিল, আমাদের জোর করে ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল।’ এই অপ্রত্যাশিত এবং মজার ঘটনাটি এখন ক্রিকেট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
অস্ট্রেলিয়া সফরে ফিরছেন কোহলি?
এদিকে, জানা গেছে বিরাট কোহলি বর্তমানে স্ত্রী অনুষ্কা এবং তাঁদের দ্বিতীয় সন্তানের সঙ্গে লন্ডনে রয়েছেন। বিসিসিআই-এর বিশেষ অনুমতি নিয়ে তিনি লন্ডন থেকেই ফিটনেস টেস্ট দিয়েছেন। মনে করা হচ্ছে, আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে তিনি ভারতীয় দলে ফিরতে পারেন। তবে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। সবকিছু নির্ভর করছে বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর।