মৃত্যুর মুখে ৬২ বছরের মহিলা, সাক্ষাৎ যমকে ফাঁকি দিলেন চলন্ত ট্রেনে, চাঞ্চল্য বাঁকুড়া স্টেশনে

ফের একবার রেল পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বৃদ্ধা যাত্রী। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে গিয়েছিলেন তিনি। তাঁর শরীর ট্রেনের লাইনে পৌঁছানোর আগেই দেবদূতের মতো ছুটে আসেন এক মহিলা কনস্টেবল-সহ দুই রেল পুলিশ। তাঁরা কোনওমতে ওই মহিলাকে টেনে প্ল্যাটফর্মে তুলে আনেন। ফলে প্রাণে বেঁচে যান ৬২ বছর বয়সী ওই যাত্রী, যাঁর নাম শবানি সিনহা। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টা ৭ মিনিট নাগাদ। সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করে। রেল পুলিশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই মহিলা যাত্রী চলন্ত ট্রেনের একটি কামরায় ওঠার চেষ্টা করছেন। আর তখনই ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা।
জানা গেছে, পুরুলিয়ার কুকস কম্পাউন্ড এলাকার বাসিন্দা শবানি সিনহা বাঁকুড়ার পাত্রসায়েরে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে তাঁর পুরুলিয়ায় ফেরার কথা ছিল। কিন্তু চলন্ত ট্রেনে চড়তে গিয়েই বিপত্তি ঘটে। হঠাৎ পা পিছলে তাঁর শরীর প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝের ফাঁকা অংশে ঢুকে যেতে থাকে।
ঠিক সেই মুহূর্তে প্ল্যাটফর্মে কর্তব্যরত রেল পুলিশের সহায়তা কেন্দ্রে উপস্থিত এক মহিলা কনস্টেবল এবং একজন আধিকারিক দ্রুত ছুটে যান। তাঁরা আর এক মুহূর্তও নষ্ট না করে ওই মহিলাকে টেনে প্ল্যাটফর্মে তুলে আনেন। আশ্চর্যজনকভাবে, এই ঘটনায় ওই মহিলা তেমন কোনও আঘাত পাননি বলেই জানা গেছে। রেল পুলিশের এই সময়োচিত ও সাহসী পদক্ষেপের জন্য এলাকাবাসী তাঁদের ভূয়সী প্রশংসা করছেন।