সাবধান! শনিবার জল বন্ধ থাকবে হাওড়া শহরে, আগে থেকে জেনে নিন কখন ফিরবে স্বাভাবিক পরিষেবা

শহরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার হাওড়া শহরের সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ পরিষেবা ব্যাহত হবে। হাওড়া পুরসভা এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে শহরের বাসিন্দাদের আগাম সতর্ক করেছে।
হাওড়া পুরসভা জানিয়েছে, পদ্মপুকুর জলপ্রকল্পে জরুরি মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঙ্গা থেকে জল উত্তোলনে যে সমস্যা দেখা দিয়েছে, তা সমাধানের জন্য পদ্মপুকুর ইনটেক পয়েন্টের একটি পাম্প মেরামত করা হবে।
শনিবার, ১৩ সেপ্টেম্বর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৭:৩০টা নাগাদ জল সরবরাহ আবার স্বাভাবিক হতে পারে।
হাওড়া পুরসভার মোট ৫০টি ওয়ার্ডে এই সমস্যা হবে। কর্তৃপক্ষ শুক্রবারই এই বিষয়ে জানিয়ে দেওয়ায় বাসিন্দারা এক দিন আগে থেকে প্রয়োজনীয় জল সঞ্চয় করে রাখতে পারবেন, ফলে সাময়িক অসুবিধা কিছুটা কম হতে পারে।