বাংলায় এনআরসি-র ছায়া! ভোটার তালিকায় নাম তোলার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নয়, আধারই একমাত্র ভরসা?

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু হতে চলেছে দেশজুড়ে। কিন্তু এই কাজে পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এখন থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য বা যাচাইয়ের কাজে স্বাস্থ্যসাথী কার্ড কোনো প্রমাণ্য নথি হিসেবে গণ্য হবে না।

পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী কার্ডকে প্রমাণ হিসেবে মান্যতা দেওয়ার জন্য বিশেষ আবেদন জানালেও, বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সম্মেলনে সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে বাংলায় Special Identification Register (SIR) বা বিশেষ যাচাই প্রক্রিয়ায় নাগরিকত্ব প্রমাণের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আর ব্যবহার করা যাবে না।

কমিশন সূত্রে খবর, বিহারে যে ১১টি নথি স্বীকৃত হয়েছে, বাংলার ক্ষেত্রেও সেগুলিই প্রযোজ্য হবে। এর পাশাপাশি, আধার কার্ডকে ১২তম নথি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই, এখন থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ডসহ নির্দিষ্ট ১১টি নথির মধ্যে যেকোনো একটি জমা দেওয়া বাধ্যতামূলক।

চলতি মাসের মধ্যেই সারা দেশে এসআইআর-এর কাজ শুরু হয়ে যেতে পারে। বিহারে ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে কি নাগরিকপঞ্জি বা এনআরসি (NRC) বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগোনো হচ্ছে?

বাংলায় ভোটের কয়েক মাস আগে এই ধরনের যাচাই প্রক্রিয়া শুরু হলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। স্বাস্থ্যসাথী কার্ড বাতিল করে আধারকে গুরুত্ব দেওয়ায় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।