দেশের নিরাপত্তা এবার আরও মজবুত! ভারতীয় নৌবাহিনীর জন্য এলো ‘মেড ইন ইন্ডিয়া’ অত্যাধুনিক রাডার

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এল এক বিশাল সাফল্য। শত্রুপক্ষের গতিবিধি ও যেকোনো ধরনের হামলা শনাক্ত করতে ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ‘ল্যাঞ্জা-এন রাডার’ (Lanza N Radar)। এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ।

স্পেনের প্রতিরক্ষা সংস্থা ইন্দ্রা (Indra) এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস (Tata Advanced Systems Limited – TASL) এর যৌথ উদ্যোগে এই রাডারটি তৈরি করা হয়েছে। এটি ভারতের প্রথম দেশীয় ৩ডি বিমান নজরদারি রাডার (3D Air Surveillance Radar)। এই রাডারটি একটি যুদ্ধজাহাজে বসানো হয়েছে এবং এটি আকাশ ও ভূপৃষ্ঠের উভয় লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে।

ল্যাঞ্জা-এন রাডারটি ড্রোন, জেট, সুপারসনিক যুদ্ধবিমান, বিকিরণ-রোধী ক্ষেপণাস্ত্র এবং এমনকি নৌ প্ল্যাটফর্মও সনাক্ত করতে সক্ষম। এটির নজরদারির ক্ষমতা ২৫৪ নটিক্যাল মাইল বা প্রায় ৪৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

‘ল্যাঞ্জা-এন’ রাডার তৈরির মাধ্যমে টাটা অ্যাডভান্সড সিস্টেমস প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে পরবর্তী প্রজন্মের নৌ নজরদারি সিস্টেম তৈরিতে সফল হয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

টাটা অ্যাডভান্সড সিস্টেমস জানিয়েছে, “এই অর্জন ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয়করণের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশন ও অ্যাসেম্বলির ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।” এই অত্যাধুনিক রাডারটি দেশের সুরক্ষাকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।