মৃত্যু-বিভীষিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়! মাঝরাতে অনুষ্ঠান চলাকালীন পুকুর থেকে উদ্ধার ছাত্রীর নিথর দেহ

ফের মৃত্যুর কালো ছায়া নেমে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার গভীর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ক্যাম্পাসের পুকুর থেকে এক ছাত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।
রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে ইউনিয়ন রুম সংলগ্ন ঝিলপাড়ে এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান সহপাঠীরা। জানা গেছে, ওই ছাত্রী ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রথমে বন্ধুরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া না মেলায় দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এই ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আবারও বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। গত বছর ৯ আগস্ট এই ক্যাম্পাসেরই মূল হস্টেলের বারান্দা থেকে পড়ে প্রাণ হারিয়েছিলেন এক প্রথম বর্ষের ছাত্র। সেই ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে তোলপাড় হয়েছিল। এক বছরের ব্যবধানে একই ক্যাম্পাসে এমন আরেকটি মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে। শোক আর আতঙ্কের আবহে থমকে গেছে যাদবপুর ক্যাম্পাস।