সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিবাদ, দেগঙ্গায় ধারালো অস্ত্রের কোপে আহত ৭!

জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দেগঙ্গা। ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ মোট সাতজন আহত হয়েছেন। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
দেগঙ্গা থানার অন্তর্গত চাকলা পঞ্চায়েতের রামনগর এলাকায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও একপক্ষ তাতে রাজি হয়নি। বৃহস্পতিবার সকালে এক ভাই তার জমিতে চাষ করতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা মুহূর্তে সশস্ত্র সংঘর্ষের রূপ নেয়। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষের জেরে উভয় পক্ষের মহিলাসহ মোট সাতজন আহত হন। আহতদের প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনায় উভয় পক্ষই দেগঙ্গা থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সম্পত্তি বিবাদের জেরে এমন হিংসাত্মক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।