হাইকোর্টের কড়া বার্তা, কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা খারিজ, সব্যসাচী দত্তকে জরিমানা

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ বিতর্কের মুখে পড়েছিলেন। সেই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। কিন্তু এবার সেই মামলা খারিজ করে উল্টো সব্যসাচীকে ১১ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট।

আদালতের পর্যবেক্ষণ
বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। আদালত স্পষ্টভাবে জানায়, “এই ধরনের মামলার মাধ্যমে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।”

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, “কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী এবং জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তার মন্তব্য রাজনৈতিক হতে পারে, কিন্তু তা সরাসরি মানহানির পর্যায়ে পড়ে না। তাই এই মামলার কোনো সারবত্তা নেই।”

কেন মামলা?
দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ প্রসঙ্গে কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। এই মন্তব্যের পরই সব্যসাচী দত্ত তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেন। এর আগেও মুর্শিদাবাদে হিংসা-সহ বিভিন্ন ইস্যুতে কার্তিক মহারাজ রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন, যার জন্য শাসক দলের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

বিজেপির প্রতিক্রিয়া
সব্যসাচী দত্তের মামলা খারিজ হয়ে যাওয়ার পর বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় শাসক দলকে আক্রমণ করেছেন। তিনি বলেন, “সত্য প্রতিষ্ঠা পায়। ভারতীয় বিচারব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল।” এই বিষয়ে এখনও পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।