ভারতে এসে নথিপত্র হারিয়ে বিপাকে! বাংলাদেশে ফেরার অদ্ভুত উপায়ে তাজ্জব পুলিশ!

দেশে ফেরার পথ খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছেই হাজির হলেন এক বাংলাদেশি নাগরিক। হাতে নেই পাসপোর্ট, নেই ভিসা—নথি হারিয়ে যাওয়ায় বাংলাদেশে ফেরার আশায় সরাসরি হোল্ডিং সেন্টারের দরজায় কড়া নেড়েছেন তিনি। মালদার ইংরেজবাজারের এই অদ্ভুত ঘটনায় কার্যত থমকে গিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। পরে পুলিশের পরামর্শে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর থানা এলাকায়। তাঁর দাবি, বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়েই তিনি ভারতে প্রবেশ করেছিলেন। এ দেশে এক আত্মীয়ের বাড়িতে থাকার সময় কোনোভাবে তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে যায়। পাসপোর্ট ও ভিসা ছাড়া কীভাবে নিজের দেশে ফিরে যাবেন, তা নিয়ে তীব্র দুশ্চিন্তায় পড়েন তিনি।

এর মাঝেই তাঁর মাথায় এক অভিনব উপায় আসে। তিনি জানতে পেরেছিলেন যে, ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে এবং পরবর্তীতে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই খবর শুনে তিনি ভেবেছিলেন, নিজেকে পুলিশের হাতে তুলে দিলেই হয়তো সহজেই দেশে ফেরার ব্যবস্থা হয়ে যাবে।

সেই ভাবনা থেকেই শুক্রবার বিকেলে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারের সামনে গিয়ে হাজির হন ওই ব্যক্তি। কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেন এবং তাঁকে হোল্ডিং সেন্টারে নিয়ে গিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য ‘অনুরোধ’ করেন। এই কথা শুনে প্রথমে কার্যত হতবাক হয়ে যান পুলিশকর্মীরা। যেখানে পুলিশকে তল্লাশি চালিয়ে অবৈধ নাগরিকদের খুঁজে বের করতে হয়, সেখানে একজন নিজেই এসে ধরা দিতে চাইছেন—বিষয়টি প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেননি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক আছে কি না, তা প্রথমে খতিয়ে দেখা হয়। পরে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করেন তদন্তকারীরা। পুলিশকর্মীদের পরামর্শেই শেষ পর্যন্ত ইংরেজবাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি।

মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। তবে ওই ব্যক্তির দেওয়া বয়ান কতটা সত্য, সেটাই এখন পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাঁর দাবি সত্যি হলে তিনি বৈধভাবে এসে নথি হারিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশকে বিভ্রান্ত করার জন্য এমন দাবি করা হচ্ছে কি না, তাও যাচাই করা হচ্ছে।

বর্তমানে মালদায় বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করার বিশেষ অভিযান চলছে। সম্প্রতি বেঙ্গালুরু থেকে একত্রিশ জন বাংলাদেশি নাগরিককে ট্রেনে করে মালদায় আনা হয়েছে পুশব্যাকের প্রক্রিয়ার জন্য। এমন টানটান পরিস্থিতির মধ্যেই ইংরেজবাজারে এক বাংলাদেশি নাগরিকের নিজে থেকে থানায় ধরা দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর পরিচয়, ভারতে প্রবেশের পদ্ধতি এবং সত্যিই পাসপোর্ট-ভিসা ছিল কি না, তা এখন খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।