অক্টোবরেই সারা দেশে শুরু হচ্ছে ‘SIR’ প্রক্রিয়া? জেনেনিন কী ধরনের ডকুমেন্ট লাগবে?

বিহারের বিধানসভা নির্বাচনের পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে জাতীয় নির্বাচন কমিশন সারা দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (Special Intensive Revision বা SIR) শুরু করার ঘোষণা দিয়েছে। আগামী অক্টোবর মাস থেকেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হবে।
সম্প্রতি দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে SIR সম্পর্কিত যাবতীয় নথিপত্র যাচাইয়ের কাজ শেষ করতে হবে। এরপরেই অক্টোবর মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
নির্বাচন কমিশনের মতে, SIR-এর মাধ্যমে কেবল নতুন ভোটার তালিকা হালনাগাদ হবে না, বরং নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা আরও বাড়বে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি রাজ্যকে ভোটার যাচাইয়ের জন্য জমা দেওয়া নথির একটি আলাদা তালিকা তৈরি করতে হবে।
রাজ্যভিত্তিক নথি: প্রতিটি রাজ্যে স্থানীয়ভাবে স্বীকৃত ও সহজে পাওয়া যায় এমন নথির ভিত্তিতে এই তালিকা তৈরি হবে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বিশেষ শংসাপত্র, উত্তর-পূর্বের সীমান্তবর্তী রাজ্যে ভিন্ন ধরনের পরিচয়পত্র, এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আবাসন বা পরিচয়ের জন্য বিশেষ নথিপত্র গ্রহণ করা হবে।
২৫ জুন থেকে শুরু হওয়া SIR প্রক্রিয়ার প্রথম ধাপে ১ আগস্টে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ৭ কোটি ২৪ লক্ষ নাম ছিল, যা আগের তালিকার চেয়ে ৬৫ লক্ষ কম। ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৬ লক্ষ ৫৬ হাজার ৮৮৬ জন নতুন নাম তোলার জন্য আবেদন করেছেন। এছাড়াও, ২ লক্ষ ১৭ হাজার ৪৯ জন নাম বাদ দিতে এবং ৩৬ হাজার ৪৭৫ জন সংশোধনের জন্য আবেদন জমা দিয়েছেন।