স্টেশনে ধর্ষণের শিকার তরুণী, ৩০০ কিমি দূরে যেতে বাধ্য হলেন এফআইআর করতে,পুলিশের ভূমিকায় প্রশ্ন

মধ্যপ্রদেশের সিংরাউলি রেলওয়ে স্টেশনে এক ২৫ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দেবলাল সাকেতকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই উঠেছে বড় প্রশ্ন।
অভিযোগ জানাতে হয়রানি
নির্যাতিতা তরুণীর অভিযোগ, ধর্ষণের পর তিনি স্থানীয় জিআরপি (Government Railway Police)-তে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু সেখানে কোনো মহিলা পুলিশকর্মী না থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেই পরিস্থিতিতে, ওই তরুণী বাধ্য হন ৩০০ কিলোমিটার দূরে কাটনি শহরে গিয়ে এফআইআর দায়ের করতে।
পরে কাটনি জিআরপি-তেও কোনো মহিলা কর্মকর্তা উপস্থিত না থাকায়, জবলপুর স্টেশনের জিআরপি ইন-চার্জ সঞ্জীবনী রাজপুত কাটনি পৌঁছন। তিনি নির্যাতিতার বয়ান রেকর্ড করেন এবং মামলা নথিভুক্ত করেন।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা এবং তার স্বামী উত্তর প্রদেশের সোনভদ্রা জেলায় কাজ করেন। ৬ সেপ্টেম্বর রাতে তারা নিজেদের গ্রাম সিধিতে ফিরছিলেন। সেই উদ্দেশ্যে মধ্যরাতে সিংরাউলি রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলেন অন্য একটি ট্রেন ধরার জন্য। অভিযোগ, যখন তার স্বামী অন্য জায়গায় গিয়েছিলেন, তখন অভিযুক্ত দেবলাল সাকেত ওই তরুণীকে শৌচালয়ের কাছে একা পেয়ে ধর্ষণ করে এবং হুমকি দেয়।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ দায়ের করতে গিয়ে নির্যাতিতার এই হয়রানির ঘটনা পুলিশের দায়িত্ববোধ এবং নারী সুরক্ষার বিষয়ে আবারও প্রশ্ন তুলে দিল।