জঙ্গলমহলে হাতির তাণ্ডব, খাবার না পেয়ে গাড়ি উল্টে দিল ‘রামলাল’, আতঙ্কে মানুষ

জঙ্গলমহলের ‘শান্ত’ হাতি রামলাল হঠাৎই ক্ষেপে গিয়ে বুধবার সকালে একটি গাড়ির ওপর তাণ্ডব চালিয়েছে। মনে করা হচ্ছে, খাবারের সন্ধানে বেরিয়ে খাবার না পেয়েই সে এমন রাগান্বিত হয়েছে। এই ঘটনার জেরে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের ঘাগরাশোল এলাকায় একটি স্কুল ডিউটি লেখা প্রাইভেট গাড়ি যাচ্ছিল। হঠাৎ রামলাল সেই গাড়িটির পথ আটকায়। অবস্থা বুঝে গাড়ির চালক দ্রুত নেমে পালিয়ে যান। এরপর খাবারের খোঁজ করে না পেয়ে রামলাল গাড়িটি ভাঙচুর করে এবং উল্টে দেয়। সৌভাগ্যবশত, চালক প্রাণে বেঁচে গিয়েছেন।

শুধু এই একটি ঘটনাই নয়, মেদিনীপুর সদরের বিভিন্ন এলাকায় হাতির পাল তাণ্ডব চালাচ্ছে এবং ফসলের ক্ষতি করছে। বন দফতর স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কয়েক দিন আগেই হাতি মৃত্যুতে শোকস্তব্ধ ছিল জঙ্গলমহল। এবার হাতির তাণ্ডবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।