মুর্শিদাবাদে পুজোর চমক! মায়াপুর ইসকন মন্দিরের আদলে মণ্ডপ, সঙ্গে ২১ ফুটের দুর্গাপ্রতিমা

দুর্গাপূজা উপলক্ষে সেজে উঠছে মুর্শিদাবাদের সুতি। আহিরণ থানা পাড়ার তরুণ সংঘ অ্যাথলেটিক ক্লাব এবার তাদের পুজোয় এক বিশেষ চমক নিয়ে আসছে। ক্লাবের উদ্যোগে মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ, যেখানে থাকছে ২১ ফুট উঁচু দেবী দুর্গার প্রতিমা।

ক্লাবের সম্পাদক এককড়ি ঘোষ জানিয়েছেন, প্রতি বছরই তারা ভিন্ন ভাবনার মাধ্যমে পুজোকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। এ বছর ২১ ফুটের প্রতিমা এবং ইসকন মন্দিরের আদলে মণ্ডপ এলাকার প্রধান আকর্ষণ হয়ে উঠবে। স্থানীয় শিল্পীদের হাতে তৈরি সূক্ষ্ম শোলা ও আলোকসজ্জার কাজ এই মণ্ডপকে আরও দৃষ্টিনন্দন করে তুলবে।

দুর্গাপূজা উপলক্ষে তরুণ সংঘ অ্যাথলেটিক ক্লাব বেশ কিছু সামাজিক উদ্যোগও নিয়েছে। পুজোর পঞ্চমী দিনে দুঃস্থ বাচ্চাদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হবে এবং বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।

পূজা চলাকালীন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য ক্লাব কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করছে। প্রতিমা ও মণ্ডপ ছাড়াও এই পুজোয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।