বাবা-মায়ের ভরণপোষণের টাকা দেন না ছেলে.., আদালতের এক নির্দেশে সব ওলটপালট! খালি করতে হলো দোকান

ভরণপোষণের টাকা না দেওয়ায় আদালতের নির্দেশে ছেলের দোকান খালি করে দিলেন বাবা। আলিপুরদুয়ারের নিউটাউনে একটি স্যানিটারি সামগ্রীর দোকান চালাতেন পার্থ প্রতিম সাহা, যা তার বাবা বিরেন্দ্র কুমার সাহার কেনা। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে বাবা-মাকে কোনো ভরণপোষণের টাকা না দেওয়ায় তার বাবা মহকুমা শাসকের (এসডিও) দ্বারস্থ হন।
এসডিও কোর্ট বাবাকে তার দোকানটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুসারে, বুধবার মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ ও প্রশাসন দোকানটি খালি করে দেয়। দোকানের সব মালপত্র বাইরে বের করে দেওয়া হয়েছে।
ছেলের পার্থ প্রতিম সাহা জানান, “আমি বাবাকে আমাদের সঙ্গে থাকতে বলেছিলাম। কিন্তু বাবা তাতে রাজি নন। তিনি আলাদা থাকবেন এবং আমার কাছ থেকে ভরণপোষণের টাকা নেবেন।” তিনি আরও বলেন, তার ব্যবসা খারাপ চলায় তিনি টাকা দিতে পারছিলেন না। এই সমস্যার কথা বাবাকে জানালেও তিনি তা শুনতে চাননি। “আমার দোকান খালি করে দিয়ে গেল, এখন আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই,” বলেন পার্থ।
অন্যদিকে, ষাটোর্ধ্ব বাবা বিরেন্দ্র কুমার সাহা জানান, “এটা আমার কেনা দোকান। ছেলে টাকা না দিলে আমি নিজেই এখানে ব্যবসা করব। একটি চায়ের দোকান করব।” তিনি আরও বলেন, “দীর্ঘ দুই বছর ধরে সে আমাকে কোনো ভরণপোষণ দেয়নি। অবশেষে আমি ডিএম এবং এসডিও কোর্টে হাজির হয়ে এই সমস্যার সমাধান করলাম।”