ছিল না হেলমেট..! পথ দুর্ঘটনায় দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া মালদায়

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মালদার রতুয়া থানার মতিগঞ্জ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে স্থানীয়রা সামসী-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান, ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও রেহান আখতার। তারা রতুয়া দু’নম্বর ব্লকের শ্রীপুর এক গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর গ্রামের বাসিন্দা এবং সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার তাদের ইংরেজি পরীক্ষা ছিল। স্থানীয়দের মতে, তারা বাইক নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। বাইকের গতি বেশি না থাকলেও কারও মাথায় হেলমেট ছিল না।

স্থানীয়রা জানান, তারা যখন সামসীর মতিগঞ্জ পেরিয়ে রতুয়ার দিকে যাচ্ছিলেন, তখন উলটো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের বাইককে সোজাসুজি ধাক্কা মারে। সংঘর্ষের ফলে তারা বাইক থেকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঘাতক পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যাওয়ার উপক্রম হয়। পরিস্থিতি বুঝে চালক ও খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ভ্যানটিকে আটক করেছে এবং চালক ও খালাসির খোঁজ চালাচ্ছে।

এই ঘটনার খবর পেয়ে সামসী হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে এবং তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পাণ্ডে হাসপাতালে ছুটে যান। তারা দুই ছাত্রের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃত রেহানের বাবা সামসুর রহমান একজন কৃষক এবং তন্ময়ের বাবা তপন প্রামাণিকের একটি সেলুন আছে।

স্থানীয় পুলিশ আধিকারিক সোমনাথ সাহা জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।