ভয়াবহ! কুসংস্কারের বলি হলো দুটি প্রাণ, সাপের কামড়ে মৃত্যু ভাই-বোনের

অন্ধবিশ্বাসের শিকার হয়ে ওড়িশার নবরঙ্গপুর জেলার রাজপুর গ্রামে সাপের কামড়ে দুটি শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো ৯ মাস বয়সী ঋতুরাজ হরিজন এবং তার ১১ বছর বয়সী দিদি অমিতা হরিজন। তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে না নিয়ে গিয়ে এক স্থানীয় ওঝার (গুনিয়া) কাছে নিয়ে গিয়েছিল, যার ফলে সঠিক চিকিৎসার অভাবে তাদের মৃত্যু হয়।

সোমবার রাতে দুই ভাইবোন ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টা নাগাদ একটি বিষধর সাপ তাদের কামড় দেয়। এরপর তাদের বাবা-মা তাদেরকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে একজন স্থানীয় ওঝার কাছে নিয়ে যান।

শিশুদের বাবা কৃষ্ণ হরিজন জানান, প্রায় তিন ঘণ্টা ধরে ওঝা মন্ত্রতন্ত্রের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন। কিন্তু যখন শিশুদের অবস্থার অবনতি হতে থাকে, তখন ভোর ৪টা নাগাদ তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

নবরঙ্গপুরের মুখ্য জেলা স্বাস্থ্য কর্মকর্তা (সিডিএমও) সন্তোষ কুমার পান্ডা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “সাপে কামড়ানোর পর প্রথম দুই ঘণ্টা ‘গোল্ডেন পিরিয়ড’ হিসেবে ধরা হয়। এই সময়ের মধ্যে অ্যান্টি-ভেনম দিলে প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু পরিবারটি কুসংস্কারের কারণে মূল্যবান সময় নষ্ট করেছে।”

তিনি আরও বলেন, গ্রামে সচেতনতা বাড়ানোর জন্য তাদের অভিযান চলছে। রাজ্যের স্পেশাল রিলিফ কমিশনারের অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যে প্রতি বছর সাপের কামড়ে যত মানুষের মৃত্যু হয়, তার ৪০% হয় সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে।