“১ হাজার ৩০০ শূন্যপদে নিয়োগ”-কবে থেকে শুরু হচ্ছে দমকলের কর্মী নিয়োগ প্রক্রিয়া?

দীর্ঘদিন ধরে কর্মী সংকটে ভুগছে রাজ্যের দমকল বিভাগ। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য এলো দারুণ খবর। দমকল মন্ত্রী সুজিত বসু স্পষ্ট জানিয়েছেন, আদালতে চলমান ওবিসি সংরক্ষণ মামলার জটিলতা কাটলেই দমকল বাহিনীতে ১৩০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।

রামপুরহাটের এক অনুষ্ঠানে দমকল মন্ত্রী ঘোষণা করেছেন, খুব শীঘ্রই ১০০০ জন ফায়ার অপারেটর এবং ৩০০ জন চালক নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেছে। তবে আদালতের মামলার কারণে বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হচ্ছে। গত জানুয়ারি মাসে পিএসসি-এর মাধ্যমে নিয়োগের আশ্বাস দেওয়া হলেও ওবিসি মামলার জটে তা আটকে ছিল। এবার মন্ত্রী আবারও নিশ্চিত করলেন যে, আদালতের নির্দেশ এলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

শুধু কর্মী সংকট মেটানোই নয়, রাজ্যের দমকল পরিকাঠামোর উন্নয়নেও সরকার জোর দিচ্ছে। বর্তমানে বীরভূম জেলায় পাঁচটি দমকল কেন্দ্র চালু আছে। খুব শীঘ্রই তারাপীঠ, নলহাটি এবং লাভপুরে আরও চারটি নতুন কেন্দ্র গড়ে উঠবে। এর মধ্যে কয়েকটি প্রকল্পের জন্য ইতিমধ্যেই বাজেট এবং পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। মুরারইয়ের জমির ছাড়পত্র পেলেই কাজ শুরু হবে বলে জানা গেছে।

সম্প্রতি একাধিক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বেড়েছে। স্থানীয় প্রশাসন এবং দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রামপুরহাটে বহু বহুতল অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু বলেন, বহুতলের অনুমোদনের দায়িত্ব মূলত পুরসভা এবং পঞ্চায়েতের। তবে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর কাজ চলছে। রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বড় শহরের মতো ফায়ার ল্যাডার পরিষেবার দাবি তুলেছেন, এবং মন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।