প্রতিদিনের রুটিনই হল কাল! ভোরবেলা ফুল তুলতে গিয়েই প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

ভোরবেলা বাড়ির সামনে ফুল তুলতে গিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নশরতপুরে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে এটিকে খুন বলেই সন্দেহ করছে পরিবার ও এলাকাবাসী।
মৃতের নাম বিমল কৃষ্ণ সাহা। প্রতিদিনের মতো এদিনও ভোরবেলা তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ফুল তুলতে এবং বাড়ির সামনের আবর্জনা পরিষ্কার করতে। কিন্তু কিছুক্ষণ পরই তার রক্তাক্ত দেহ বাড়ির কাছে পড়ে থাকতে দেখা যায়। দেহের অবস্থা দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। মাথার পিছনে আঘাতের চিহ্ন, দেহ অস্বাভাবিক ভঙ্গিতে পড়ে থাকা এবং গামছা খোলা অবস্থায় দেখতে পাওয়া যায়।
পরিবার এই ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু মানতে রাজি নয়। মৃত বিমল বাবুর স্ত্রী সন্ধ্যা সাহা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার সব শেষ হয়ে গেল। আমি শুধু এই ঘটনার বিচার চাই।” অন্যদিকে, পুত্রবধূ জয়শ্রী সাহা বলেন, “এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। কেউ যদি আমার শ্বশুরমশাইকে মেরে থাকে, তাহলে তাঁর শাস্তি চাই।” তিনি আরও জানান, তারা শ্বশুরকে বাড়ির সামনে ময়লা পরিষ্কার করতে বারণ করতেন, কিন্তু তিনি শুনতেন না।
পরিবারের অভিযোগ অনুযায়ী, দেহ প্রায় উলঙ্গ অবস্থায় পড়ে ছিল। গামছাটাও খোলা ছিল। এই অস্বাভাবিক পরিস্থিতি দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, যদি এটি খুন হয়, তবে খুনিরা এখনও এই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। তাদের দাবি, পুলিশ যেন সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করে।
ঘটনার খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার আইসি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। বর্তমানে ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে, যা এই মৃত্যুর রহস্য উন্মোচনে সাহায্য করবে।