মাসের পর মাস কাজ বন্ধ! চিংড়িহাটায় মেট্রো কেন এখনও থমকে? অবশেষে মুখ খুললেন জিএম

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ থমকে থাকার মূল কারণ নিয়ে এবার মুখ খুললেন খোদ মেট্রো কর্তৃপক্ষ। বারবার আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ৩৬৬ মিটার জমির অনুমোদন না পাওয়ায় কাজ আটকে রয়েছে বলে অভিযোগ তাদের। এর ফলে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা যাচ্ছে না।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের কাজ প্রায় শেষের পথে। কিন্তু চিংড়িহাটা মোড়ে মাত্র ৩৬৬ মিটার উড়ালপথ নির্মাণের জন্য জমি এবং নব দিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত আরেকটি অংশের জন্য জমি না পাওয়ায় পুরো প্রকল্পের কাজ আটকে আছে। এই বিষয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানানো হয়েছে, কিন্তু কাজ শুরুর প্রশাসনিক অনুমতি মেলেনি।
মেট্রো সূত্র থেকে জানা গেছে, চিংড়িহাটার মতো গুরুত্বপূর্ণ স্থানে কাজ করার জন্য যান চলাচল বন্ধ রাখা প্রয়োজন। মেট্রো প্রস্তাব দিয়েছে, সপ্তাহের শনি ও রবিবার এই অংশে যান চলাচল বন্ধ রাখা হলে ৯ ঘণ্টার মধ্যে এই ৩৬৬ মিটার অংশের কাজ শেষ করা সম্ভব। এতে কেবল প্রকল্পের কাজই শেষ হবে না, বরং ভবিষ্যতের আন্ডারপাস নির্মাণের পর চিংড়িহাটার যানজট সমস্যাও অনেকাংশে কমে আসবে।
এই সমস্যার কথা সম্প্রতি সংসদে তুলে ধরেছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি জানান, মেট্রো প্রকল্পের কাজ আটকে থাকায় পডুয়া থেকে আইটি সেক্টরের কর্মী, সকলেরই যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে।
বর্তমানে অরেঞ্জ রুটে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে। ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে তিনটি নতুন মেট্রো করিডরের উদ্বোধন করেন, যার ফলে কলকাতার মেট্রো নেটওয়ার্ক ১৪ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গ্রিন লাইন ২২ আগস্ট এবং ইয়েলো ও অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে। কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে অরেঞ্জ লাইনের সম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।