সেরা পরিচালক বাঙালি মেয়ে অনুপর্ণা, ভেনিস জয় করে ইতিহাস! কী আছে তার পুরস্কারজয়ী ছবিতে?

বাংলা চলচ্চিত্র জগতে এক নতুন পালক যোগ করলেন তরুণ পরিচালক অনুপর্ণা রায়। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘দ্য সংস অফ ফরগটেন ট্রিজ’ (The Songs of Forgotten Trees)-এর জন্য তিনি মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘হরাইজন’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় হিসেবে তিনি ইতিহাস গড়েছেন।
অনুপর্ণা রায়-এর এই ছবিটি মূলত নীরব, অবহেলিত ও দমিয়ে রাখা নারীদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। তিনি তার এই জয় উৎসর্গ করেছেন এমন নারীদের, “যাদের কখনও কণ্ঠস্বর ছিল না, যাদের দেখা বা মূল্যায়ন করা হয়নি।”
ছবিটির গল্প আবর্তিত হয়েছে ‘থুয়া’ নামে এক প্রবাসী মেয়ে এবং তার নতুন সঙ্গী ‘শ্বেতা’-কে ঘিরে। অভিনেত্রী হতে চাওয়া থুয়া, মুম্বই শহরের জীবন সংগ্রামে নিজের বুদ্ধিমত্তা ও সৌন্দর্য ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করে। এক সময় সে তার বিলাসবহুল ফ্ল্যাটটি শ্বেতাকে ভাড়া দেয়। ভিন্ন জগত থেকে আসা এই দুই নারীর মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়া গড়ে ওঠে। শহরের ব্যস্ত জীবনেও তারা একে অপরের মধ্যে সান্ত্বনা খুঁজে পায়। কিন্তু যখন তাদের গোপন আকাঙ্ক্ষা ও ক্ষতগুলো সামনে আসে, তখন তাদের বন্ধুত্ব আরও গভীর হয়।
ছবিটিতে অভিনয় করেছেন নাজ শেখ এবং সুমি বাঘেল। ছবিটি অনুরাগ কাশ্যপের হাত ধরে ভেনিস উৎসবে জায়গা করে নেয় এবং ১ সেপ্টেম্বর ‘Orizzonti Competition’ বিভাগে প্রদর্শিত হয়।
অনুপর্ণা রায়ের এই সাফল্যে গর্বিত টলিউড। পরিচালক কৌশিক গাঙ্গুলি তার ফেসবুক পোস্টে অনুপর্ণাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “বাংলার একজন এতো বড়ো এক মঞ্চে সর্বোচ্চ পুরস্কার পাওয়াটা অবিস্মরণীয় ও আবেগের। বাংলাকে গর্বিত করেছেন আপনি।” এই জয় নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য এক নতুন আশার আলো।