ইন্ডি জোটের পাশে ‘আরশোলারা’! রামলীলা ময়দানে রাহুল-মমতােদের মঞ্চে কি থাকছেন অভিজিৎ দিপকে?

দেশের রাজনৈতিক ময়দানে বড় চমক! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডি জোটের আগামী ১ নভেম্বরের সমাবেশে আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানাল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। বুধবার সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই সমর্থনের কথা ঘোষণা করেন।

তবে আগামী রবিবার, পয়লা নভেম্বর নয়াদিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ওই মেগা সমাবেশে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ইন্ডি ব্লকের শীর্ষ নেতাদের সঙ্গে সিজেপি নেতৃত্ব একই মঞ্চে থাকবেন কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি দিপকে।

যন্তর মন্তর আন্দোলন থেকে ইন্ডিয়া জোটের মঞ্চ

এর আগে নিয়োগ পরীক্ষায় ‘অনিয়মের’ প্রতিবাদে যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে কংগ্রেস-সহ ইন্ডি জোটের বেশ কয়েকজন সাংসদ ও নেতা সংহতি জানিয়েছিলেন। যদিও সে সময় রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে কিংবা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাদের মতো কংগ্রেসের প্রথম সারির জাতীয় নেতাদের সিজেপি-র মঞ্চ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছিল।

বর্তমানে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, সিজেপি প্রধান অভিজিৎ দিপকের এই সমর্থন আগামী দিনে বিরোধী শিবিরের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে কিনা এবং শেষ পর্যন্ত রাহুল-মমতাদের মঞ্চে ‘আরশোলা বাহিনী’র প্রধানকে দেখা যাবে কি না, এখন সেটাই দেখার!