মা হতেই কদর্য আক্রমণ! সন্তান প্রসবের পর শরীরের পরিবর্তন নিয়ে সমালোচকদের মোক্ষম জবাব ক্যাটরিনার

২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই রূপোলি পর্দা থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়িয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ২০২৫ সালে তাঁদের কোল আলো করে আসে একরত্তি পুত্রসন্তান (বিহান)। মা হওয়ার পর থেকেই পুরোদস্তুর পারিবারিক জীবন এবং ছেলেকে সময় দিচ্ছেন তিনি। এর মধ্যেই গণেশ চতুর্থীর দিন অম্বানি পরিবারের পুজোয় তাঁর উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোলিং ও বডি শেমিং। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

ওজন বৃদ্ধি ও বডি শেমিং নিয়ে যা বললেন ক্যাটরিনা

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রোলারদের উদ্দেশ্যে ক্যাটরিনা বলেন, “আমরা এমন একটা পৃথিবীতে বাস করি, যেখানে নানা ধরনের মন্তব্য কানে আসে। সবাই জানেন একটা সন্তান জন্ম দেওয়ার পরে একজন নারীর শরীরে কতটা পরিবর্তন আসে। কিন্তু মানুষ সেটাই দেখতে চায়, যা সে দেখতে পছন্দ করে। সব তথ্য থাকা সত্ত্বেও মানুষ তা মেনে নিতে চান না। তাই আমি এই বিষয়গুলো নিয়ে আর খুব একটা ভাবি না, নিজের সুন্দর জীবনযাত্রার দিকেই মন দিতে চাই।”

তিনি আরও জোরালো প্রশ্ন তুলে বলেন, কেন সমাজে এমন প্রত্যাশা করা হয় যে, একজন নারী সন্তান জন্ম দেওয়ার পরেই আগের মতো জিরো ফিগারে ফিরে আসবেন? কেন এমন আশা করা হয় যে, সন্তান জন্মের পরের দিনই তাঁকে আবার সেই চিরচেনা নায়িকাসুলভ রূপেই দেখা যাবে?

আর কি অভিনয়ে ফিরবেন না ক্যাটরিনা?

মাতৃত্বের এই নতুন অধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে ক্যাটরিনা জানান, তিনি যে জীবন কাটাচ্ছেন, তার স্বপ্নই চিরকাল দেখেছেন। ভিকির সঙ্গে সমস্ত ওঠাপড়া পেরিয়ে আজ তাঁরা এক সুন্দর জায়গায় পৌঁছতে পেরেছেন। নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি এই মাতৃত্বের অনুভূতি ভাষায় প্রকাশ করার নয় বলে জানান তিনি।

তবে ক্যাটরিনার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ায় জোর জল্পনা শুরু হয়েছে—তবে কি পাকাপাকিভাবে অভিনয়কে বিদায় জানালেন ক্যাটরিনা? অ্যাকশন-কাটের দুনিয়ায় কি আর কখনও দেখা যাবে না তাঁকে? এই প্রশ্নের উত্তর এখন কেবল সময়ই দিতে পারে।