দুধের দাঁত গজালো ১০২ বছর বয়সে! মুখেভাত খেলেন শতায়ু বৃদ্ধ

মুখেভাত বা অন্নপ্রাশন সাধারণত শিশুদের হয়, কিন্তু কোচবিহারে এক বিরল ঘটনা ঘটল। ১০২ বছর বয়সে মুখেভাত খেলেন নৃপেন্দ্র বর্মণ নামে এক বৃদ্ধ। নতুন করে মাড়িতে তিনটি দাঁত গজানোয় পরিবারের সদস্যরা এই ব্যতিক্রমী অন্নপ্রাশনের আয়োজন করেন।

কোচবিহারের হলদিবাড়ি গ্রামের বাসিন্দা নৃপেন্দ্র বর্মণ হঠাৎই তার মাড়িতে তিনটি ছোট দাঁত গজাতে দেখেন। তার নাতি-নাতনিরা এই ঘটনাটি লক্ষ্য করার পর সিদ্ধান্ত নেন যে, শতবর্ষ পার করা দাদুর মুখেভাত আয়োজন করা হবে।

রবিবার পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, গ্রামের মানুষজন এবং বিএসএফ কর্তাদের উপস্থিতিতে জমকালোভাবে এই অনুষ্ঠানটি পালিত হয়। সাধারণত, কোনো শিশুর মুখেভাতের অনুষ্ঠানে নাতি-নাতনিরা আনন্দ করে, কিন্তু এই অনুষ্ঠানে উল্টো ছবি দেখা গেল।

পুরো গ্রাম দাদু বলে যাকে চেনেন, সেই নৃপেন্দ্রবাবুও এই আয়োজন বেশ উপভোগ করেছেন। তার জীবনে দ্বিতীয়বারের মতো মুখেভাত হলো। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সবাই অবাক হয়েছেন।