চারিদিক বিচ্ছিন্ন, ২০ দিন ধরে উপোসে! বন্যায় আটকে পড়া গ্রামবাসীর ত্রাতা ভারতীয় সেনা!

ভয়াবহ বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জম্মুর কাঠুয়া জেলার চিল্লা গ্রাম। চারদিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই প্রত্যন্ত গ্রামে এতদিন ধরে আটকে ছিল প্রায় ১৬টি পরিবার। অবশেষে ত্রাতার ভূমিকায় এগিয়ে এলো ভারতীয় সেনা। ড্রোন ব্যবহার করে আকাশপথে জরুরি খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে গ্রামের মানুষের কাছে।
উঝ নদীর তীরে অবস্থিত চিল্লা গ্রামের সঙ্গে মূল সড়কের যোগাযোগ দীর্ঘ ২০ দিন ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন। নদীর তাণ্ডবে গ্রামের সেতু ভেঙে গেছে এবং কাদা ও ধ্বংসাবশেষ জমে যাওয়ায় কোনো যানবাহন বা মানুষ সেদিকে যেতে পারছিল না। এই পরিস্থিতিতে খাবার এবং চিকিৎসা সামগ্রীর অভাবে গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েন। স্থানীয় প্রশাসনের অনুরোধে ভারতীয় সেনার গুর্জ ডিভিশন ত্রাণ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ড্রোনের মাধ্যমে এই দুঃসাধ্য কাজটি সম্পন্ন করে।
গত ৭ সেপ্টেম্বর বিকেল থেকে নদীর পশ্চিম পাড়ের প্লাল গ্রাম থেকে সেনারা ড্রোন ব্যবহার করে ত্রাণসামগ্রী পাঠানো শুরু করে। প্রথম দিনেই ১৫০ কেজি চাল, ডাল, তেল, লবণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। পরের দিন সকালে আরও ১৫০ কেজি সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মোট ৩০০ কেজি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামের মানুষ।
সেনাবাহিনী জানিয়েছে, বন্যা শুরু হওয়ার পর থেকেই রাইজিং স্টার কর্পস এই অঞ্চলের বিভিন্ন জায়গায় ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। জলবন্দি মানুষকে উদ্ধার করার পাশাপাশি, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত, চিকিৎসা শিবির আয়োজন এবং গ্রামে গ্রামে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজও চলছে পুরোদমে। এই পদক্ষেপ শুধু দুর্গত মানুষের জীবন রক্ষা করেনি, বরং তাদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে।