জন্মদিনে আবেগঘন অক্ষয়! ভক্তদের দিলেন এক বিশেষ উপহার, জানালেন ভালোবাসার আসল কারণ

সোমবার, বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার পা দিলেন ৫৮ বছর বয়সে। জন্মদিনের সকালে তিনি ভক্তদের জন্য একটি বিশেষ উপহার দিয়ে চমকে দিলেন। সামাজিক মাধ্যমে একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেছেন অক্ষয়, যেখানে তিনি নিজের দীর্ঘ ফিল্মি জীবনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ভক্ত এবং শুভানুধ্যায়ীদের।
অক্ষয় নিজের সোশ্যাল মিডিয়ায় একটি কাস্টমাইজড আর্টপিসের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মাঝখানে তিনি নিজে, আর তাঁকে ঘিরে রয়েছে তাঁর অভিনীত ১৫০টিরও বেশি সিনেমার আইকনিক চরিত্র ও মুহূর্ত। এটি যেন তাঁর তিন দশকেরও বেশি সময়ের কঠোর পরিশ্রম আর সাফল্যের এক কোলাজ।
ছবিটির সঙ্গে অক্ষয় একটি আবেগঘন বার্তাও লিখেছেন: “৫৮ বছর বয়স, ৩৪ বছর ইন্ডাস্ট্রিতে, ১৫০-রও বেশি ছবি। যারা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমার ছবির টিকিট কেটেছেন, আমার ছবি প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন, পরামর্শ দিয়েছেন— এটা আপনাদেরই যাত্রা। আমার তরফে শুধু চিরন্তন ধন্যবাদ। আমি আপনাদের ভালবাসা আর আশীর্বাদ ছাড়া কিছুই নই। আজকের জন্মদিন উৎসর্গ তাঁদের, যাঁরা এখনও আমার উপর ভরসা করেন। জয় মহাকাল।”
এই বিশেষ শিল্পকর্মটি তৈরি করেছেন শিল্পী রাহুল নন্দা। অক্ষয় তাকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁর কাজের প্রতি সম্মান জানানোর জন্য।
অক্ষয় কুমার এমন একজন অভিনেতা, যিনি অ্যাকশন, কমেডি, দেশপ্রেম, এবং সামাজিক বার্তা— সব ধরনের ছবিতে নিজের ছাপ রেখেছেন। ‘হেরাফেরি’ থেকে ‘কেশরী’, তার প্রতিটি সিনেমাই দর্শকদের মন জয় করেছে। এই বছর তাঁর ঝুলিতে এসেছে ‘স্কাই ফোর্স’ এবং ‘কেশরী চ্যাপ্টার ২’। তাঁর হিট ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’ও দারুণ সাড়া পেয়েছে। বর্তমানে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে ‘জলি এলএলবি ৩’ ছবির জন্য, যেখানে তিনি আরশাদ ওয়ার্সির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
৫৮ বছর বয়সেও অক্ষয় ফিটনেস, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের এক জীবন্ত প্রতীক। জন্মদিনে তিনি আরও একবার প্রমাণ করলেন যে, এই দীর্ঘ যাত্রার আসল নায়ক তিনি নন, বরং তাঁর অগণিত ভক্তরাই।