ভোটের ডিউটিতে কেলোফতে! রাজ্য পুলিশের জন্য একলাফে ৬২ কোটির মেগা বরাদ্দ ঘোষণা সরকারের

আসন্ন বিধানসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে ময়দানে নামা পুলিশকর্মীদের জন্য বিশাল অঙ্কের আর্থিক সম্মানি বা ভাতার ঘোষণা করল রাজ্য সরকার। ভোটের ডিউটি সামলানোর জন্য এক ধাক্কায় ৬২ কোটি টাকারও বেশি মেগা বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।

দফতরের হিসাব অনুযায়ী, পুলিশকর্মীদের এই অনারারিয়াম বা সাম্মানিক বাবদ মোট ৬২ কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার ৬৫০ টাকা মঞ্জুর করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা ও কেন্দ্রে নিজের কর্মস্থলের বাইরে গিয়ে সেক্টর অফিসার, নাকা চেকিং, কিউআরটি (QRT), ফ্লাইং স্কোয়াড এবং এসএসটি-র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্ব সামলানো প্রায় ৩২ হাজার ১২৯ জন পুলিশকর্মী মাথাপিছু ১০ হাজার টাকা করে এই সম্মানি পাবেন। পাশাপাশি, বিভিন্ন পুলিশ কমিশনারেট ও জেলার নির্বাচন সেলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আরও ২ হাজার ৯৫৬ জন কর্মীকেও মাথাপিছু ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

সাধারণ কনস্টেবল বা জওয়ানরাই নন, এই তালিকার মুড়ে রয়েছে বড় অফিসারদের নামও। ডিজি, আইজি, অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিআইজি, আইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকরাও এই সম্মানির আওতায় থাকছেন। এছাড়া প্রায় ৩০০ জন ডিএসপি, এসডিপিও বা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এবং ৪১৬ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকদের জন্যও এই বিশেষ আর্থিক বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। ভোটের বাজারে পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।