আবারও বিদেশ যাচ্ছেন কুণাল ঘোষ, লন্ডন-আয়ার্ল্যান্ড সফরের অনুমতি দিল হাইকোর্ট

চিটফান্ড মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা কুণাল ঘোষকে ফের বিদেশ যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এবার তিনি আয়ার্ল্যান্ড ও লন্ডন সফরে যাচ্ছেন। তার আইনজীবী অয়ন চক্রবর্তীর আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি শুভ্রা ঘোষ এই অনুমতি দেন।

আদালতের শর্ত অনুযায়ী, কুণাল ঘোষকে আগের সফরের মতোই এবারও ৫ লক্ষ টাকা বন্ড হিসেবে জমা রাখতে হবে। বিদেশ সফর শেষে দেশে ফেরার পর তিনি সেই টাকা আবার ফেরত পাবেন। কুণাল জানিয়েছেন, কিছু সাংস্কৃতিক ও ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই এই সফর।

সারদা মামলায় জামিন পেলেও কুণাল ঘোষের পাসপোর্ট এখনও আদালতের কাছে জমা রাখা আছে। সে কারণেই তার বিদেশ সফরের জন্য প্রতিবারই আদালতের অনুমতি নিতে হয়। ২০১৭ সালে জামিন পাওয়ার পর ২০২৩ সালে প্রথমবার বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছিলেন তিনি। সেবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে তিনি লন্ডন গিয়েছিলেন।

কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি আইনি প্রক্রিয়া মেনেই সবটা করেছেন। অক্টোবরে এই সফর শুরু হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি দেশে ফিরবেন।