বিশাল বিতর্ক, সরকারি বৈঠকে হাজির মুখ্যমন্ত্রীর স্বামী! ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের সঙ্গে তুলনা

দিল্লিতে বিতর্ক যেন থামতেই চাইছে না! সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্কের কেন্দ্রে তার স্বামী মনীশ গুপ্তা। অভিযোগ উঠেছে, দিল্লির এক সরকারি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি, যদিও তার কোনো সরকারি পদ নেই।

শালিমারবাগের একটি অনুষ্ঠানে মনীশ গুপ্তাকে হাজির থাকতে দেখা যাওয়ার পর থেকেই বিরোধীরা সরব হয়েছেন। তারা এই ঘটনাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। অনেকে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েতের’ সঙ্গে এর তুলনা করেছেন, যেখানে দেখানো হয় প্রধান পদে কেউ থাকলেও তার স্বামীই পিছন থেকে সব কিছু পরিচালনা করেন। বিরোধীদের অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী তার স্বামীকে ব্যবহার করে সেই একই ব্যবস্থা চালু করেছেন।

কে এই মনীশ গুপ্তা?
মনীশ গুপ্তা একজন ব্যবসায়ী এবং সমাজকর্মী। রেখা গুপ্তার ২০২৫ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, তিনি ‘নিকুঞ্জ এন্টারপ্রাইজেস’ নামে একটি ফার্মের মালিক এবং কোটাক লাইফ ইন্স্যুরেন্সের একজন সহযোগী। ২০২৩-২৪ অর্থবছরে তার ঘোষিত মোট আয় ছিল ৯৭ লক্ষ টাকা। রেখা গুপ্তা নিজে রাজনীতিতে আসার পর তার স্বামী মনীশকে তার রাজনৈতিক যাত্রার মূল সমর্থক হিসেবে কৃতিত্ব দিয়েছিলেন।

আগের বিতর্ক: মুখ্যমন্ত্রীর ওপর হামলা
কয়েকদিন আগেই, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে জনশুনানি চলাকালীন এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে তাকে চড় মারেন। এই ঘটনায় গোটা রাজধানীতে তোলপাড় সৃষ্টি হয়। যদিও হামলার পর রেখা গুপ্তা সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন যে, এই ধরনের আক্রমণ তার মনোবল ভাঙতে পারবে না এবং তিনি আরও বেশি শক্তি ও নিষ্ঠা নিয়ে জনগণের সেবা করবেন।

এই পরিস্থিতিতে তার স্বামীর সরকারি বৈঠকে উপস্থিতি বিতর্ককে আরও উসকে দিয়েছে। দিল্লি সরকার বা বিজেপির পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।