বালি পাচার মামলায় ইডি-র বড়সড় অভিযান, রাজ্যের ২২টি জায়গায় তল্লাশি

রাজ্যে বেআইনি বালি পাচার সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছে। সোমবার ভোর থেকে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, নদীয়া, এবং সল্টলেকের ২২টি ঠিকানায় একযোগে এই তল্লাশি চলছে।
ইডি সূত্রে খবর, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নিয়ম মেনে বালি খাদানের অনুমতি নিলেও সেখান থেকে অবৈধভাবে বালি তুলছিল। এই ব্যবসার মাধ্যমে শুধু বিপুল পরিমাণ টাকা নয়, প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকাও সাদা করা হচ্ছিল বলে ইডি সন্দেহ করছে।
এই অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে সল্টলেকের সেক্টর ফাইভ-এর জিডি মাইনিং নামক একটি কোম্পানি এবং এর কর্ণধার অরুণ সারাফ। তার ২২ তলার অফিস এবং বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা শেখ জাহিরুল শেখের বাড়িতেও তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিরুল আগে ভিলেজ পুলিশ ছিলেন, পরে চাকরি ছেড়ে বালি ব্যবসার সঙ্গে যুক্ত হন।
ইডি-র দলগুলো সোমবার ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অভিযান শুরু করে। তল্লাশি চলছে কলকাতার বেহালা, রিজেন্ট কলোনি এবং টালিগঞ্জের কয়েকটি ঠিকানাতেও। এখন পর্যন্ত ১০ থেকে ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তবে সমস্ত তথ্য এখনও খতিয়ে দেখা হচ্ছে।