দুর্গাপুজোর আগে বিজেপি-র নতুন কৌশল! ক্লাবগুলিকে অর্থসাহায্য, বিতরণের দায়িত্বে মিঠুন চক্রবর্তী

দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার বিরোধিতা করে আসা বিজেপি, এবার নিজেরাই সেই পথে হাঁটছে। আসন্ন ভোটের মরসুমে নিজেদের ভাবমূর্তি তুলে ধরতে এবং দুর্গাপূজার মঞ্চে প্রভাব বিস্তার করতে বিজেপি এবার ক্লাবগুলিকে অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই অনুদান বিতরণের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে দলের তারকা নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা ভোটের আগেও বিজেপি রাজ্যের ক্লাবগুলোকে টাকা পাঠিয়েছিল। কিন্তু তখন অভিযোগ উঠেছিল যে, জেলার নেতাদের হাতে টাকা পৌঁছানোর আগেই বিপুল পরিমাণ অর্থ গায়েব হয়ে যায়। অনেক ক্লাব এক পয়সাও পায়নি এবং কিছু অস্তিত্বহীন ক্লাব টাকা পেয়েছে বলেও অভিযোগ ওঠে।
এই ধরনের আর্থিক গরমিল এড়াতে এবার বিজেপি নেতৃত্ব সতর্ক হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের নির্দেশ অনুযায়ী, কোনো জেলার নেতাদের হাতে অনুদানের টাকা দেওয়া হবে না। প্রতিটি পুজো কমিটির প্রতিনিধিদের সরাসরি এসে সেই অনুদান সংগ্রহ করতে হবে। এর মাধ্যমে বিজেপি নেতৃত্ব অর্থ তছরুপ ঠেকানোর চেষ্টা করছে।