ডায়মন্ড হারবারে ইলিশ মাছের গাড়িতে পুলিশি তোলাবাজি! ভিডিও শেয়ার করে বিস্ফোরক শুভেন্দু

ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে নির্বাচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকাতেই পুলিশের বিরুদ্ধে তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাছ ব্যবসায়ীদের ঘিরে পুলিশের বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করে তিনি এই অভিযোগ করেছেন।

শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডলে লিখেছেন, “ডায়মন্ড হারবার মডেল – তোলাবাজ পুলিশের ইলিশ চুরি!!!” তিনি অভিযোগ করেন যে, “মমতা পুলিশের তোলাবাজি দিনকে দিন দুর্নীতির নতুন শৃঙ্গ উত্তরণ করছে।”

তার মতে, ডায়মন্ড হারবারে মাছের আড়ত থেকে ইলিশ মাছ কিনতে আসা ছোটো মাছ ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ি প্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা তোলা তোলা হচ্ছে। টাকা দিতে না পারলে ছোটো ইলিশ সরবরাহের অজুহাতে মাছ ভর্তি গাড়ি আটকে রাখা হয়।

শুভেন্দুর অভিযোগ অনুযায়ী, মগরা হাট থানার এক পুলিশ আধিকারিক সৈকত রায় এমনই একটি ইলিশ ভর্তি গাড়ি আটক করেন। মাছ ব্যবসায়ীরা তার চাহিদা মতো টাকা দিতে না পারায় তিনি গাড়িটি আটকে রাখেন। এরপর তিনি নিজেই ওই গাড়ির মাছ নগেন্দ্র বাজার মাছের আড়তে বিক্রি করতে যান, আর তখনই মাছ ব্যবসায়ীরা তাকে হাতেনাতে ধরে ফেলে বিক্ষোভ দেখান। ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন যে, দুটি পেটি ভর্তি ইলিশ মাছ পুলিশ আগেই চুরি করে সরিয়ে ফেলেছে।

শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এ রাজ্যের পুলিশ এখন ‘তোলাবাজ পুলিশ’-এর শিরোপা পেয়েছে।” তিনি আরও বলেন, এই সরকারকে না সরালে বাংলার জনগণকে আরও কী দেখতে হবে তা ঈশ্বরই জানেন।