মাথা থেকে খসে পড়ল ১০ লাখ টাকার পুরস্কার, ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী কমান্ডার

ঝাড়খণ্ডের সরান্ডা অরণ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে খতম হয়েছে কুখ্যাত মাওবাদী নেতা অমিত হাসদা ওরফে আপটান। তার মাথার উপর ১০ লাখ টাকার পুরস্কার ঘোষিত ছিল। রবিবার পুলিশ আনুষ্ঠানিকভাবে এই সফল অভিযানের কথা নিশ্চিত করেছে।

সারান্ডা অরণ্যে এনকাউন্টার

চাইবাসার পুলিশ সুপার পারস রানা জানান, পশ্চিম সিংভূম জেলার গইলকেরা থানার অন্তর্গত সরান্ডা অরণ্যে মাওবাদীদের গোপন আস্তানার খবর পেয়ে ঝাড়খণ্ড পুলিশ, সিআরপিএফ (CRPF) এবং কোবরা ব্যাটালিয়ন যৌথ অভিযান শুরু করে। শনিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে রবিবার ভোরে মাওবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে তুমুল গুলির লড়াই। সেই সংঘর্ষেই অমিত হাসদা নিহত হয়।

পুলিশের বড় সাফল্য

পুলিশ জানিয়েছে, নিহত অমিত হাসদা মাওবাদীদের দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ড জোনাল কমিটির অন্যতম কমান্ডার ছিল এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশা সীমান্তে একাধিক হামলার মূল হোতা ছিল সে। তার বিরুদ্ধে আইইডি বিস্ফোরণ ঘটানো, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং জোরপূর্বক সদস্য সংগ্রহের মতো গুরুতর অভিযোগ ছিল। ঘটনাস্থল থেকে একটি এসএলআর রাইফেল, মাওবাদী নথি এবং অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

অমিত হাসদার মৃত্যু মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য। তবে সরান্ডা অরণ্যে এখনও সক্রিয় থাকা অন্যান্য মাওবাদী নেতাদের খুঁজে বের করতে আরও বড় পরিসরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।